Axiom-4 Mission: ফের ইতিহাস ভারতের, অ্যাক্সিওম-৪ মহাকাশ অভিযানে সফল যাত্রা শুভাংশু শুক্লার, চললেন অন্তরীক্ষে
মহাকাশ গবেষণায় ফের ইতিহাস তৈরি করলেন এক ভারতীয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মহাকাশের পথে যাত্রা করলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এটি কেবল তাঁর একার যাত্রা নয়, ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত করল। অ্যাক্সিওম-৪ মিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পা রাখবেন, যা ৪১ বছর পর একজন ভারতীয় হিসেবে মহাকাশে মানব অভিযানের এক ঐতিহাসিক মুহূর্ত হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।
২০১৯ সালে ইসরো শুভাংশুকে মহাকাশচারীদের প্রশিক্ষণের জন্য নির্বাচিত করে এবং তিনি মস্কোর ইউরি গ্যাগারিন কসমোনট প্রশিক্ষণ কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। শুভাংশু হলেন প্রথম ভারতীয় যিনি একবিংশ শতাব্দীতে মহাকাশ ভ্রমণ করলেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) পরিদর্শনকারী প্রথম ভারতীয়ও তিনিই।

অ্যাক্সিওম মিশন ৪ হল একটি পরিকল্পিত বাণিজ্যিক মহাকাশ অভিযান যা স্পেসএক্স এবং নাসা মিলিতভাবে করছে এবং এটি অ্যাক্সিওম স্পেস দ্বারা পরিচালিত হচ্ছে। এই মিশনে স্পেসএক্সের তৈরি ড্রাগন মহাকাশযান ব্যবহার করা হবে, যা ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে।
শুভাংশু শুক্লা এই মিশনের একজন পাইলট হিসেবে কাজ করছেন। তাঁর সঙ্গী হয়েছেন নাসার প্রাক্তন মহাকাশচারী ও অ্যাক্সিওম স্পেসের বর্তমান মহাকাশযান বিভাগের পরিচালক পেগি হুইটসন (মিশনের কমান্ডার), পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। এই চারজন মহাকাশচারী প্রায় ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করবেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে অন্যতম হল মেথি ও মুগ বীজের উপর মহাকাশের মাইক্রোগ্র্যাভিটির প্রভাব এবং মানবদেহে সেই প্রভাব বিশ্লেষণ। এছাড়াও, নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ গবেষণায় তাঁরা অংশগ্রহণ করবেন।
অ্যাক্সিওম-৪ মিশন একাধিকবার পিছিয়ে গেলেও, শুভাংশু শুক্লা এবং তাঁর টিমের অটুট মনোবল এবং অধ্যবসায় প্রশংসা পেয়েছে। তাঁরা হাল ছাড়েননি। আবহাওয়ার প্রতিকূলতা, যান্ত্রিক ত্রুটি এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ সহ বিভিন্ন কারণে উৎক্ষেপণের তারিখ বারবার পরিবর্তিত হয়েছে। তবে সব বাধা পেরিয়ে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে চেপে ড্রাগন মহাকাশযানে চড়ে শুভাংশু ও তাঁর সঙ্গীরা মহাকাশে পাড়ি দিলেন।
শুভাংশু শুক্লার এই মহাকাশ যাত্রা ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচিত করবে। ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর একজন ভারতীয় হিসেবে মহাকাশে মানব অভিযানের এটি দ্বিতীয় দৃষ্টান্ত। এই মিশন ভারতের ক্রমবর্ধমান মহাকাশ গবেষণার ক্ষমতা এবং আন্তর্জাতিকভাবে অন্যদের সহযোগিতার প্রতিফলন। এছাড়াও শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন 'গগনযান'-এর ভিত্তিপ্রস্তর স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।












Click it and Unblock the Notifications