'ভিত্তিহীন অভিযোগ, পাকিস্তানে গোলমালে ভারতের হাত নেই', স্পষ্ট জানিয়ে নয়াদিল্লির পাশে আফগানিস্তান
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুব আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে ভারতের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
ইয়াকুব বলেছেন, "এই দাবিগুলি সম্পূর্ণ মিথ্যা। আফগানিস্তান কখনই নিজেদের ভূমি অন্য কোনও দেশকে ব্যবহার করতে দেয়নি। আমরা একটি স্বাধীন রাষ্ট্র, এবং ভারত ও পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল জাতীয় স্বার্থ দ্বারাই পরিচালিত হয়।"

গত ১১ অক্টোবর আফগানিস্তানে হিংসার সূত্রপাত হয়েছিল। এর কিছুদিন আগেই তালিবান বিদেশমন্ত্রী আমির মুত্তাকির ভারত সফরের সময় কাবুলে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই তালিবান যোদ্ধারা পাকিস্তানের সঙ্গে দক্ষিণ সীমান্তে হামলা চালায়, যার জবাবে ইসলামাবাদ পদক্ষেপ নেয়।
পাকিস্তান সীমান্ত ঘটনার জন্য ভারতকে দায়ী করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের দাবি, তালিবান নেতৃত্ব ভারতের কথা শুনে চলছে।
এর প্রতিক্রিয়ায় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "তিনটি বিষয় স্পষ্ট। প্রথমত, পাকিস্তান জঙ্গি সংগঠনগুলিকে আশ্রয় দেয় এবং জঙ্গি কার্যকলাপে মদত দেয়। দ্বিতীয়ত, নিজের অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য প্রতিবেশীদের দোষারোপ করা পাকিস্তানের পুরনো অভ্যাস। তৃতীয়ত, আফগানিস্তান তার নিজের ভূখণ্ডের উপর সার্বভৌমত্ব প্রয়োগ করায় পাকিস্তান ক্ষুব্ধ। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।"
ভারত ও আফগানিস্তান তাদের সম্পর্ক জোরদার করছে। সম্প্রতি আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ছয় দিনের ভারত সফরে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার ভারত কাবুলে নিজেদের দূতাবাস আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করেছে। আর এসব দেখেই পাকিস্তান দুই বন্ধুর সম্পর্কে ফাটল ধরানোর খেলায় মেতেছে।












Click it and Unblock the Notifications