করোনা সংকটের মাঝেই স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিল রাশিয়া-আমেরিকার যৌথ মহাকাশ যান
করোনা সংকটের মাঝেই স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিল রাশিয়া-আমেরিকার যৌথ মহাকাশ যান
করোনা সংকটেও থেমে নেই মহাকাশ গবেষণা। এবার করোনার আবহের মাঝেই কোয়ারান্টাইনের সমস্তরকম বিধিনিষেধ মেনেই বৃহস্পতিবার মহাকাশে পাড়ি দিল একটি আমেরিকান-রাশিয়ান নভোশ্চরের দল।

সোয়ূজ এমএস-১৬ পাড়ি দিল কাজাখস্তান থেকে
কাজাখস্তানের রাশিয়া পরিচালিত বাইকোনূর রকেটবন্দর থেকে সোয়ূজ এমএস-১৬-এ চড়ে দুপুর ১.৩০টার নির্ধারিত সময়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন নাসার নভোচর ক্রিস ক্যাসিডি এবং রসকসমোসের দুই মহাকাশচারী অ্যানাতোলি ইভানিশিন ও ইভান ভ্যাগনার। রাশিয়ান বিজ্ঞানীরা ট্রেনিং চলাকালীন ও মহাকাশ যাত্রার পূর্বে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেন করোনা সংক্রমণ ঠেকাতে।

করোনা আবহে অতিরিক্ত সতর্কতা নভোচারীদের জন্য
বুধবার সাংবাদিকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় ক্রিস ক্যাসিডি জানান যে, গত একমাস ধরে গৃহবন্দি থাকায় সকলে একদম সুস্থ এবং সুরক্ষার শেষধাপ হিসেবেই মহাকাশ যাত্রার পূর্বে সাংবাদিক বৈঠক বাতিল হয়েছে। কম্যান্ডার ইভানিশিনের কথায় জানা গেছে যে প্রত্যেক নভোচর অতিরিক্ত সুরক্ষার মধ্যে রয়েছেন।

রসকসমোসের উদ্যোগে অতিরিক্ত সুরক্ষা বলয়
রসকসমোস বর্তমানে এমন একটি সুবৃহৎ সংস্থা যা নভোচারী ও মহাকাশযাত্রার সমস্তরকম রকেট ও সামগ্রী প্রস্তুত করে। প্রায় ২ লক্ষ কর্মচারীর এই সংস্থার অধিকর্তা দিমিত্রি রগোজিন জানান যে এই সপ্তাহের শুরুতে রসকসমোসের রাজ্য দপ্তরের ৯ কর্মী করোনা আক্রান্ত হিসেবে ধরা পড়ার পরই সংস্থা অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করে। মহাকাশযাত্রার পূর্বে সাংবাদিক বৈঠক হোক বা পরিজনদের সঙ্গে দেখা, সুরক্ষার ঘেরাটোপে নিষিদ্ধ সবকিছুই।

মহাকাশযাত্রার পূর্বে তৈরি হওয়ার সময় বড়ো কম
দুই রাশিয়ান মহাকাশচারীর পরিবর্ত হিসেবে তৈরি করা হয় ইভানিশিন ও ভ্যাগনারকে। ফেব্রুয়ারিতে এক রাশিয়ানের চোখে আঘাতের পর এই দু'জনকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলত সব জামাকাপড় নেওয়ার সময় পাননি তাঁরা। অতিরিক্ত জামাকাপড়ের জন্যে পরের মাসে রাশিয়ান শাটলের দিকে তাকিয়ে তাঁরা।

আন্তর্জাতিক স্পেস স্টেশন ও মহাকাশযাত্রা
ক্যাসিডি ও ইভানিশিনের জন্য এই যাত্রা তৃতীয় হলেও ভ্যাগনারের এটিই প্রথম মহাকাশযাত্রা, স্বভাবতই উত্তেজিত ভ্যাগনার। বর্তমানে আন্তর্জাতিক স্পেস স্টেশন পরিচালনার দায়িত্বে আছেন রাশিয়ার ওলেগ স্ক্রীপোচকা এবং নাসার মহাকাশচারী জেসিকা মেইর ও অ্যান্ড্রু মর্গ্যান, যাঁদের ১৭ই এপ্রিলে পৃথিবীর মাটিতে ফিরে আসার কথা।












Click it and Unblock the Notifications