কাশ্মীরে গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, অন্তত ১৫ জন নিহত, আহত বহু
জম্মু ও কাশ্মীরর উধমপুর জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সোমবার রামপুর থেকে উধমপুরগামী একটি যাত্রীবাহী বাস কানোট গ্রামের কাছে প্রায় ১০০ ফুট গভীরে খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পাহাড়ি রাস্তার তীক্ষ্ণ বাঁকে চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই বাসটি গড়িয়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুরের ডেপুটি কমিশনার মিঙ্গা শেরপার সাথে যোগাযোগ করে ব্যাপক হতাহতের আশঙ্কা প্রকাশ করেন। তিনি এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে সম্ভাব্য সব ধরনের সহায়তা এবং গুরুতর আহতদের বিমানযোগে স্থানান্তরের ব্যবস্থার আশ্বাস দেন।

জিতেন্দ্র সিং তাঁর পোস্টে লিখেছেন, "এক ঘণ্টারও কম সময় আগে রামপুর থেকে উধমপুরগামী একটি যাত্রীবাহী বাস কানোট গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মান্তিক খবর পাওয়ার পরই আমি ডিসি উধমপুর মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেছি। উদ্ধার অভিযান অবিলম্বে শুরু করা হয়েছে। ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।"
তিনি আরও যোগ করেন, "সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হবে। গুরুতর আহতদের বিমানে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমি স্থানীয় প্রশাসন এবং আমাদের স্থানীয় কর্মী দল, যার নেতৃত্বে রয়েছেন রাজিন্দর শর্মা, তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।"
জম্মু ও কাশ্মীরর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই দুর্ঘটনাকে 'হৃদয়বিদারক' বলে বর্ণনা করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, "উধমপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর তাঁদের শক্তি দিন। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।"
লেফটেন্যান্ট গভর্নর আরও নির্দেশ দিয়েছেন, "আমি জেলা প্রশাসন, পুলিশ, এসডিআরএফ এবং স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়েছি, ক্ষতিগ্রস্থদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে।" প্রশাসন এই নির্দেশ দ্রুত কার্যকর করছে।
উধমপুরের সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) ও অ্যাসোসোসিয়েটেড হসপিটালসের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডঃ সঞ্জীব গুপ্ত জানান, আহতদের জিএমসি উধমপুরে নিয়ে আসা হচ্ছে। একইসাথে, দুর্ঘটনায় নিহতদের দেহ উদ্ধারের কাজও জোর কদমে চলছে।
উল্লেখ্য, এর আগে জম্মু ও কাশ্মীরর পুঞ্চে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় চারজন নিহত ও ৪৪ জন আহত হয়েছিলেন। পাহাড়ি অঞ্চলে বাস দুর্ঘটনার ঝুঁকি এই ঘটনায় আবারও স্পষ্ট হল।












Click it and Unblock the Notifications