'বাংলার বাঘিনী' একা লড়ছেন, তাঁরই জেতা উচিত, মমতাকে সমর্থন করে বিজেপিকে কড়া আক্রমণ উদ্ধবের
আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে বিজেপির আগ্রাসী প্রচারের মধ্যেই শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে মমতার লড়াইয়ের প্রশংসা করেছেন। একইসঙ্গে, তিনি নারী সংরক্ষণ বিলকে সীমানা নির্ধারণ বিলের সঙ্গে যুক্ত করে দেশকে বিভক্ত করার চেষ্টার জন্য বিজেপিকে অভিযুক্ত করেন।
দাদরে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উদ্ধব ঠাকরে বলেন, "বাংলার বাঘিনী বিজেপির বিরুদ্ধে একা লড়াই করছেন এবং তাঁর জয়ী হওয়া উচিত।"

মহারাষ্ট্রের আইন-শৃঙ্খলার অবনতির মধ্যে পশ্চিমবঙ্গে প্রচারে যাওয়ার জন্য উদ্ধব ঠাকরে ফড়নবিশকে (নাম উল্লেখ না করে) কঠোরভাবে সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যের ভেতরে সমস্যা থাকা সত্ত্বেও কীভাবে অন্য রাজ্যে প্রচারে যাওয়া সম্ভব।
এই প্রসঙ্গে ঠাকরে বলেন, "এখানে অবাধে মাদক পাওয়া যাচ্ছে এবং তথাকথিত স্বঘোষিত ধর্মগুরুরা চক্র চালাচ্ছে। আর তারা কিনা পশ্চিমবাংলায় প্রচারে যাচ্ছেন!"
পশ্চিমবঙ্গে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য বিজেপি'র সমালোচনা করেন ঠাকরে। তিনি উল্লেখ করেন যে, মণিপুরে যখন কুকি-মেইতেই জাতিগত সংঘাত তুঙ্গে ছিল, তখন কেন্দ্র পর্যাপ্ত বাহিনী পাঠায়নি।
সেনা (ইউবিটি) প্রধান বলেন, "পশ্চিমবঙ্গে প্রায় ২,০০,০০০ আধা-সামরিক কর্মী মোতায়েন করা হয়েছে। কিন্তু মণিপুরে দাঙ্গা থেকে নারী ও সাধারণ মানুষকে বাঁচাতে তারা ৫০,০০০ কর্মীও মোতায়েন করেননি।"
লোকসভা আসনকে জনসংখ্যার সঙ্গে যুক্ত করার নীতির বিরোধিতায় উদ্ধব ঠাকরে প্রশ্ন তোলেন, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন কি অপরাধ? একইসাথে, তিনি নারী সংরক্ষণ বিল নিয়ে বিজেপি'র সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে, মহিলাদের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই।
ঠাকরে বলেন, "যদি বিজেপি'র নারী সংরক্ষণের প্রতি এতই সহানুভূতি থাকে, তাহলে তারা সংসদ ভবন এবং রাম মন্দিরের উদ্বোধনে মহিলা সাংসদদের আমন্ত্রণ জানায়নি কেন?"
বিগত সময়ে ভারতীয় কামগার সেনা'র নিয়ন্ত্রণে থাকা প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের ইউনিয়ন দখলের বিজেপির প্রচেষ্টার কথা উল্লেখ করে ঠাকরে বলেন যে, কিছু নতুন ইউনিয়ন তৈরি হচ্ছে, তবে তারা শুধু মালিকদের সঙ্গে চুক্তি করতে চায়। তিনি আরও যোগ করেন, "অন্যদিকে, গত ৫৮ বছর ধরে বিকেএস কর্মীদের সুবিধার জন্য কাজ করে আসছে।"












Click it and Unblock the Notifications