করোনা আক্রান্ত পরিবারকে জিনিস বিক্রিতে বাধা, খাস কলকাতায় 'করোনা হুলিয়া' তৃণমূল যুব নেতার
করোনা আক্রান্ত পরিবারকে জিনিস বিক্রিতে বাধা, খাস কলকাতায় 'করোনা হুলিয়া' তৃণমূল যুব নেতার
করোনা সংক্রমণ নিয়ে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। তার জেরে একাধিক অমানবিক ঘটনা ঘটে চলেছে। এবার খাস কলকাতায় করোনা হুলিয়া জারি করার অভিযোগ উঠল ৮ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শান মিত্রর বিরুদ্ধে। বাগবাজারের রাজা রাজবল্লভ রায় পাড়ায় করোনা আক্রান্ত পরিবারকে কোনও জিনিস বিক্রি না করার হুলিয়া জারি করা হয় বলে অভিযোগ।

কলকাতায় করোনা ফতোয়া
উত্তর কলকাতার বাগ বাজারে রাজা রাজবল্লভ রায় স্ট্রিটে করোনা আক্রন্ত হয়েছেন একই পরিবারের ৫ সদস্য। তাঁদের মধ্যে ১ জন মারা গিয়েছেন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছে। ওই পরিবারের আরও ৪ সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু পাড়ার দোকানে তাঁদের জিনিস বিক্রি করা যাবে না বলে হুলিয়া জারি করেন এলাকার যুব তৃণমূল কংগ্রেস নেতা শান মিত্র।

পরিবারের অভিযোগ
পরিবারের লোকেরা অভিযোগ করেছেন করোনা নেগেটিভ যাঁরা তাঁদেরও পাড়ার দোকান থেকে জিনিস বিক্রি করতে দেওয়া হবে না বলে হুলিয়া জারি করা হয়েছে। এই নিয়ে পুরসভার হেল্পলাইন নম্বরেও অভিযোগ জানান তাঁরা। সেখান থেকে তাঁদের বলা হয় থানায় অভিযোগ জানাতে। কারণ এরকম কোনও আইন নেই। করোনা নেগেটিভ হলে তিনি বাড়ির বাইরে খাবার কিনতে বেরোতে পারেন তাঁকে এক ঘরে করে রাখা যায় না।

অভিযোগ অস্বীকার
এদিকে এই অভিযোগের পর তৃণমূল যুব কংগ্রেস নেতা শান মিত্র দাবি করেছেন, করোনা আক্রান্ত যাঁরা তাঁরাই বাড়ির বাইরে বেরিয়ে পড়ছেন। পাড়ার লোকেরা এই নিয়ে অভিযোগ জানাচ্ছে। তাই তিনি বলেছিলেন ওই বাড়ির কেউ জিনিস কিনতে এলে যেন জানানো হয়। তবে হুলিয়া জরির কথা একেবারেই অস্বীকার করেছেন তিনি।

বাঁকুড়ায় আইএনটিটিইউসির হুলিয়া
একই ভাবে বাঁকুড়ার বড়জোড়ায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে ব্যাটেলিয়নের জিনিস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয় পুলিসকর্মীদের জিনিস বিক্রি করা যাবে না বলে হুলিয়া জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications