তৃণমূল সাংসদ শান্তনু সেন সাসপেন্ড বাদল অধিবেশন থেকে, পেগাসাস ইস্যুতে সংসদে চড়ল পারদ
পেগাসাস ঝড়ে উত্তাল সংসদ। এদিন রাজ্যসভায় শান্তনু সেনের ইস্যুতে হুইপ জারি করে বিজেপি। গতকাল তৃণমূলের সাংসদ শান্তনু সেন রাজ্যসভায় আইটি মন্ত্রীর বক্তব্য চলাকলীন তাঁর থেকে বক্তব্যের কাগজ কেড়ে নিয়ে তা ছিঁড়ে দেন। ঘটনার পরই শোরগোল শুরু হয়। তীব্র প্রতিবাদে নামে বিজেপি। এরপর এদিন রাজ্যসভায় বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে।

চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড শান্তনু
গতকাল রাজ্যসভায় পেগাসাস ইস্যুতে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় আইটি বিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সময়ই শান্তনু সেন তার প্রতিবাদে সরব হন। এর সঙ্গেই তিনি অশ্বিনী বৈষ্ণবের বক্তৃতার পাতা কেড়ে তা ছিঁড়ে দেন। এরপর এদিন শান্তনু সেনের আচরণের তীব্র সমালোচনা করেন বেঙ্কাইয়া নাইডু। নাইডু বলেন,'গতকাল সভায় যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। অসাংবিধানিক ঘটনা ঘটেছে।' এরপরই এদিন শান্তনু সেনকে সসপেন্ড করা হয়।

তীব্র সমালোচনা বেঙ্কাইয়ার
এদিন রাজ্যসভায় বেঙ্কাইয়াা নাইডু জানিয়ে দেন যে শান্তনু সেনকে এই গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এদিকে, এদিন সকালেই বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন বিজেপির তরফে রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল। বৈঠকে ছিলেন মুক্তার আব্বাস নাকভিও। এরপরই এদিন রাজ্যসভায় শান্তনুকে সাসপেন্ড করার ঘোষণা করেন বেঙ্কাইয়া নাইডু।

অশ্বিনী বৈষ্ণবের প্রতিক্রিয়া
এদিকে গতকালের ঘটনার পর এদিন অশ্বিনী বৈষ্ণব বলেন, ' পশ্চিমবঙ্গে হিংসার সংস্কৃতি রয়েছে তৃণমূলের। আর সেই সংস্কৃতিই তারা সংসদে চালাতে চায়। আগামী প্রজন্মের সাংসদের প্রতি তাঁরা কোন বার্তা দিতে চান? ' এদিকে, এর আগে গতকাল অশ্বিনী বৈষ্ণবের বক্তব্যের সময়ই তাঁর বক্তব্যের নথি কেড়ে তা ছিঁড়ে দেন শান্তনু সেন। তারপরই এদিনের সাসপেনশনের ঘোষণা আসে।

পেগাসাস ইস্যুতে চড়ল পারদ
প্রসঙ্গত, পেগাসাস ইস্যুতে বাদল অধিবেশনের শুরু থেকেই উত্তাল সংসদ। ঠিক যেদিন বাদল অধিবেশন শুরু হবে, তা আগের দিন রবিবার পেগাসাস রিপোর্ট প্রকাশিত হয়। তাতে দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকের ওপর নজরদারি চালানোর জন্য ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহারের অভিযোগ ওঠে। অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়, অমিত শাহ ও নরেন্দ্র মোদীকে। তারপর থেকেই উত্তাল সংসদ।












Click it and Unblock the Notifications