বিজেপির ঘরেই ঘুঘুর বাসা, গুজরাতে লুঠ হচ্ছে ১০০ দিনের কাজের টাকা, দুর্নীতি ফাঁস করল তৃণমূল কংগ্রেস
বিজেপির ঘরেই ঘুঘুর বাসা, গুজরাতে লুঠ হচ্ছে ১০০ দিনের কাজের টাকা, দুর্নীতি ফাঁস করল তৃণমূল কংগ্রেস
বিজেপির আঁতুরঘর গুজরাতেই ১০০ দিনের কাজের টাকা নিয়ে লুঠ চলছে। মৃত মানুষকে জীবিত দেখিয়ে সরকার টানা নিয়ে যাচ্ছে। সাংবাদিক বৈঠকে বিজেপির কেলেঙ্কারি ফাঁস করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি রিপোর্ট পেশ করে বলেছেন বিজেপির নিজের গড়ে যখন ১০০ দিনের কাজের এই দুরবস্থা সেখােন বাংলা একবার নয় একাধিকবার ১০০ দিনের কাজে প্রথম হয়েছে। মোদী সরকারের মুখে ঝামা ঘষে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার।

১০০ দিনের কাজে দুর্নীতি বিজেপির
১০০ দিনের কাজে বিজেপি নিজের গড়েই লুট চালাচ্ছে। মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে টাকা তুলে নিচ্ছে সরকার। ৫ বছরের শিশুর নামেও জব কার্ড তৈরি হয়ে যাচ্ছে। চরম অরাজকতা চলছে বিজেপি শাসিত গুজরাটে। সোমবার সাংবাদিক বৈঠক করে ১০০ দিনের কাজে বিজেপির কেলেঙ্কারি ফাঁস করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি দাবি করেছেন গুজরাতে যখন এই কাণ্ড চলছে সেখানে অসাধ্য সাধন করেছে বাংলা। ১০০ দিনের কাজে একবার নয় একাধিকবার প্রথম হয়েছে। সবচেয়ে বেশি কর্মদিবস পেয়েছে বাংলা।

বিজেপিকে আক্রমণ
রাজ্যে ছোট খাট বিষয়কে বড় করে দেখাচ্ছে বিজেপি। সবসময় রাজ্যের কোনও না কোনও খুঁত ধরার জন্য বসে আছেন দিল্লির বিজেপি নেতারা। এদিকে রাজ্যের ১০০ দিনের কাজ থেকে শুরু করে কর্মসংস্থানের এগিয়ে যাওয়ার তথ্য তাঁরা স্বীকার করতে চান না বলে অভিযোগ করেছেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে কিষাণ নিধি প্রকল্প ও আয়ুষ্মান ভারত প্রকল্প কেন চালু করা হচ্ছে না এই নিয়ে পর পর দুদিন জাতীয় মঞ্চে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মমতা সরকার রাজ্যের কৃষকদের বঞ্চনা করছেন বলে অভিযোগ করেছেন।

দুয়ারে সরকারের কাজে অনুদান
প্রবল ভাবে সাফল্য পেয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। পাড়ায় পাড়ায় গিয়ে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধার কথা জানানো হয়েছে রাজ্য বাসীকে। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক প্রকল্পের সুবিধা নিয়েছেন রাজ্যবাসী। ১ কোটিরও বেশি মানুষ দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা নিয়েছেন। যাঁরা দুয়ারে সরকার কর্মসূচির জন্য কাজ করেছেন তাঁদের ৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

গ্রামীণ আবাস যোজনায় প্রথম বাংলা
গ্রামীণ আবাস যোজনায় প্রথম হয়েছে বাংলা। সোমবার সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে এমনই দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল সরকার এমন অভিযোগে বারবার সরব হয়েছেন বিজেপি নেতারা। দিলীপ ঘোষ প্রকাশ্যে এই নিয়ে সরব হয়েছেন। এদিকে সোমবারই মমতা সরকারের উন্নয়নে কাজকে সমর্থন জানিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ লাকড়া।












Click it and Unblock the Notifications