কোভিডের তৃতীয় স্রোত 'সিভিয়ার' হলেও রয়েছে আশার বার্তা! জানান দিল নয়া রিপোর্ট
দেশে করোনার দ্বিতীয় স্রোতের পরই যে তৃতীয় ঢেউ আসবে, তার পূর্বাভাবস আগেই দিয়েছেন বহু বিশেষজ্ঞ। এই তৃতীয় ঢেউ সম্পর্কে অধ্যাপক মণীন্দ্র আগরওয়ালের গাণিতিক মডেল থেকে একাধিক সম্ভাবনার কথাও জানা যায়। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে নতুন রিপোর্ট পেশ হয়েছে , তাতে কোভিডের তৃতীয় স্রোত নিয়ে রয়েছে একাধিক বড় বার্তা। একনজরে দেখা যাক সেই বার্তা।

কোভিডের তৃতীয় স্রোত কতদিন স্থায়ী হয়?
এসবিআইয়ের একটি গবেষণাধর্মী নথিতে কোভিডের তৃতীয় স্রোত নিয়ে একাধিক পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, কোভিডের তৃতীয় স্রোত সবচেয়ে বেশি আক্রান্ত দেশে ৯৮ দিন ধরে চলেছে। যেখানে সেই সমস্ত দেশে করোনার দাপটে দ্বিতীয় স্রোতের জের ১০৮ দিন ধরে চলেছে।

কোভিডের তৃতীয় স্রোত ভয়াবহ?
এসবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, অনুমান করা হচ্ছে কোভিডের তৃতীয় স্রোত ভয়াবহ হতে পারে। বিভিন্ন দেশের নিরিখে সেই বার্তার নেপথ্যে কিছু পয়েন্ট পেশ করেছে এই রিপোর্ট। তবে আশার আলো জাগিয়ে এসবিআইয়ের রিপোর্ট বলছে, কোভিডের তৃতীয় ওয়েভে কমতে চলেছে মৃতের সংখ্যা।

কেন কোভিডের তৃতীয় স্রোতে মৃতের সংখ্যা নামবে?
প্রসঙ্গত, ভালো স্বাস্থ্য পরিকাঠামো আর প্রবল পরিমাণে টিকাকরণের হাত ধরে কোভিডের দাপট ২০ শতাংশ কমানো যেতে পারে তৃতীয় স্রোতে। এর সঙ্গেই করোনার জেরে প্রায় ৪০,০০০ মৃত্যুকে ঠেকানো যেতে পারে। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় স্রোতে বর্তমানে ১.৭ লাখ মানুষ কোভিডে মারা গিয়েছেন।

তৃতীয় স্রোতের হানা থেকে বাঁচতে কোন উপায়?
এসবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, করোনার তৃতীয় স্রোতের হানা থেকে বাঁচতে ভ্যাকসিনেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে শিশুদের ভ্যাকসিনেশনের ওপর জোর দেওয়ার বার্তা দিয়েছে এসবিআইয়ের রিপোর্ট।












Click it and Unblock the Notifications