গুয়াহাটি থেকে কলকাতা পর্যন্ত চলবে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
উত্তর পূর্ব ও পূর্ব ভারতের রেলযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। গুয়াহাটি থেকে কলকাতা এই দুই গুরুত্বপূর্ণ মহানগরকে রাতের বেলায় আরও দ্রুত, আরামদায়ক ও আধুনিক যাত্রার মাধ্যমে যুক্ত করতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, একাধিক সফল পরীক্ষা ও প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হওয়ার পরই এই বিশেষ পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ঐতিহাসিক ট্রেনের উদ্বোধন করবেন। তাঁর কথায়, ব্যবসায়ী, পর্যটক, পড়ুয়া থেকে শুরু করে পরিবার সব শ্রেণির যাত্রীর জন্যই এটি হবে রাতের যাত্রার এক নতুন অভিজ্ঞতা।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বন্দে ভারত স্লিপার ট্রেনের চূড়ান্ত উচ্চগতির পরীক্ষা সম্প্রতি কোটা নাগদা রুটে সম্পন্ন হয়েছে, যেখানে ট্রেনটি ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতি ছুঁয়েছে। প্রথম পর্যায়ে এর নির্ধারিত রুট গুয়াহাটি থেকে কলকাতা।
১৬টি কোচ নিয়ে গঠিত এই ট্রেনে থাকছে ১১টি থ্রি টিয়ার এসি, ৪টি টু টিয়ার এসি ও ১টি ফার্স্ট এসি কোচ। মোট যাত্রী ধারণক্ষমতা ৮২৩ জন যার মধ্যে ৩ এসি তে ৬১১ জন, ২এসি তে ১৮৮ জন ও ফার্স্ট এসি তে ২৪ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
ভাড়ার ক্ষেত্রেও ঘোষণা করা হয়েছে আনুমানিক হার। খাবারসহ থ্রি টিয়ার এসির ভাড়া প্রায় ২,৩০০ টাকা, টু টিয়ার এসিতে প্রায় ৩,০০০ টাকা ও ফার্স্ট এসিতে প্রায় ৩,৬০০ টাকা ধার্য হতে পারে।
যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নকশা করা হয়েছে এই ট্রেন। উন্নত কুশনযুক্ত আরামদায়ক বার্থ, স্বয়ংক্রিয় দরজা ও ভেস্টিবিউল, উন্নত সাসপেনশন ও শব্দ কমানোর প্রযুক্তি যাত্রাকে করবে আরও মসৃণ। প্রশস্ত কোচ, আধুনিক আলো ও ব্যবহারবান্ধব সুযোগ সুবিধা রাতের ট্রেনযাত্রার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা।
নিরাপত্তার জন্য ট্রেনে থাকছে 'কবচ' অ্যান্টি কলিশন সিস্টেম ও জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য টক ব্যাক ব্যবস্থা। পাশাপাশি, পরিচ্ছন্নতা বজায় রাখতে কোচে থাকছে বিশেষ জীবাণুনাশক প্রযুক্তি। চালকের কেবিনেও সংযোজিত হয়েছে আধুনিক নিয়ন্ত্রণ ও সুরক্ষা ব্যবস্থা।
এছাড়া, বায়ুগতিগত নকশা ও স্বয়ংক্রিয় বাহ্যিক দরজার মতো বৈশিষ্ট্য বন্দে ভারত স্লিপার ট্রেনকে প্রযুক্তি ও আরামের দিক থেকে ভারতীয় রেলের এক নতুন গর্ব হিসেবে প্রতিষ্ঠা করতে চলেছে।












Click it and Unblock the Notifications