২০২৪-এর প্রস্তুতি শুরু বিজেপির! ১৯ রাজ্যের ১৫০ কেন্দ্রে হবে 'জন আশীর্বাদ যাত্রা'
জুলাইয়ের প্রথম সপ্তাহে দ্বিতীয় মোদী সরকারের প্রথমবার ক্যাবিনেট সম্প্রসারণ হয়। সংসদের বাদ অধিবেশন বসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) সংসদে নতুন মন্ত্রীদের পরিচয় করিয়ে দিতে শুরু করেন। কিন্তু তিনি সেই কাজ
জুলাইয়ের প্রথম সপ্তাহে দ্বিতীয় মোদী সরকারের প্রথমবার ক্যাবিনেট সম্প্রসারণ হয়। সংসদের বাদ অধিবেশন বসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) সংসদে নতুন মন্ত্রীদের পরিচয় করিয়ে দিতে শুরু করেন। কিন্তু তিনি সেই কাজ শেষ করে উঠতে পারেননি বিরোধীদের বাধায়। সেই কারণে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে, তিনদিনের জন আশীর্বাদ যাত্রার (jan ashirwaad yatra) মাধ্যমে সাধারণ মানুষের কাছে মন্ত্রীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। ১৬ অগাস্ট ১৯ রাজ্যে সেই যাত্রা শুরু করা হবে।

বিজেপির পরিকল্পনা
বিজেপির পরিকল্পনা অনুযায়ী, এই জন আশীর্বাদ যাত্রায় থাকবেন ৪৩ জন মন্ত্রী। তাঁরা তাঁদের নিজেদের কেন্দ্র থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ কিমি দূরে যাত্রা শুরু করবেন। তিনদিন তাঁদের থাকতে হবে খোলা ভ্যনে। নিজের জেলায় পৌঁছনোর আগে তাঁদের তিন থেকে চারটি সংসদীয় কেন্দ্র ঘুরতে হবে। এই যাত্রার মাধ্যমে বিজেপি দেশের ১৫০ টি কেন্দ্রের প্রায় ১৫ হাজার কিমি পথে প্রচার সংগঠিত করতে পারবে। এই যাত্রার মাধ্যমে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং মনিপুরের ভোটের প্রচারে গতি আনা যাবে বলেই মনে করছে গেরুয়া শিবির।

ঘুরবেন মন্ত্রীরা
উদাহরণ হিসেবে বলা যেতে পারে শক্তিমন্ত্রী আরকে সিং নিজের কেন্দ্র আরায় যেতে গয়া থেকে যাত্রা শুরু করবেন। গয়া থেকে যাত্রা শুরু করে তিনি তিনদিন পরে আরায় পৌঁছবেন। অন্যদিকে আলোয়ার যেকে শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব রাজস্থানে নামবেন। মন্ত্রীরা রাত কাটাবেন গ্রামে কিংবা ছোট শহরে, যা তাঁদের পথেই পড়বে। এর মধ্যেই তাঁরা সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে পরিচিত হবেন। এই পথেই তাঁরা ধর্মীয় নেতাদের সঙ্গে মিলিত হবেন। এছাড়াও সমাজকর্মী, জাতীয় ও রাজ্য পর্যায়ের খেলোয়াড়, শহিদদের পরিবার দলের কর্মীদের সঙ্গে। পাশাপাশি তারা পথে ধর্মীয় স্থানেও যাবেন।

বিজেপি সাংসদদের সংসদীয় কেন্দ্রে থাকার নির্দেশ
সব বিজেপি সাংসদদের ১৬ অগাস্ট থেকে নিজেদের কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে যে সময় জন আশীর্বাদ যাত্রা তাঁদের কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, সেই সময়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রীরা কার্যত গাছের শাখায় ফল হিসেবে ছিলেন। সাধারণ মানুষের থেকে অনেকটাই দূরে ছিলেন তাঁরা। প্রধানমন্ত্রী মোদী এই মিথ ভাঙতে চান। তিনি চান তাঁর মন্ত্রিসভার প্রত্যেক মন্ত্রীর সঙ্গে মানুষের যোগাযোগ যেন থাকে, অন্যদিকে যেন মানুষ মনে করে তাঁদের সঙ্গে মন্ত্রীদের যোগাযোগ রয়েছে।

বর্তমান মন্ত্রিসভা সম্প্রসারণে সমতা আনার চেষ্টা
বিজেপির তরফে বলা হয়েছে, জুলাইয়ের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার যে সম্প্রসারণ হয়েছে, তাতে বিভিন্ন ক্ষেত্রে সমতা আনার চেষ্টা করা হয়েছে। ১১ জন মহিলাকে স্থান দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। এছাড়াও প্রায় সব ধর্মের নেতাদের স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিজেপির এক শীর্ষ নেতা দাবি করেছেন, এবারই প্রথম বহু ওবিসি, পিছিয়ে পড়া শ্রেণি এবং ধর্মকে স্থান দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। ফলে সাধারণ মানুষকেও বার্তা দেওয়া যে, তাঁদেরও এক প্রতিনিধিকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আগেই নিশানা করেছিলেন
সংসদে মন্ত্রীদের পরিচয় করিয়ে দিতে ব্যর্থ হওয়ার পরে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, মহিলা, দলিত এবং তফশিলি উপজাতি সাংসদ যাঁদের বিজেপি মন্ত্রী করেছে, তাঁদের পরিচয় করিয়ে দিতে দেয়নি বিরোধীরা। এছাড়াও যেসময় তিনি সংসদে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, সেই সময় অনেক বিরোধী সাংসদকেও অখুশি দেখিয়েছে বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। জন আশীর্বাদ যাত্রার মাধ্যমে সমাজের সেইসল পিছিয়ে পড়া মানুষজনের আশীর্বাদ চাওয়া হবে বলেও মন্তব্য করা হয়েছে বিজেপির তরফে।

১৯ রাজ্যে আকর্ষণীয় যাত্রা
যে ১৯ রাজ্যে বিজেপির তরফে জন আশীর্বাদ যাত্রা সংগঠিত করা হবে, তার মধ্যে রয়েছে দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, ত্রিপুরা, ঝাড়খণ্ড, গুজরাত, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, ওড়িশা, মনিপুর, মহারাষ্ট্র, অসম, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং কর্নাটক। বিজেপির তরফে নির্দেশিকায় বলা হয়েছে এই জন আশীর্বাদ যাত্রাকে দুর্দান্ত, আকর্ষণীয় এবং সাধারণ মানুষের কাছে পৌঁছনোর মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি করোনাবিধি মেনে সব কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যে পথে এই যাত্রা যাবেন, সেই পথে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প, উন্নয়নমূলক কাজ, প্রধানমন্ত্রী কাটআউট এবং বিজেপির পদ্ম চিহ্নে ভরিয়ে তোলার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে। পুরনোদের পাশাপাশি দলের নতুন ক্যাডারদেরও এই যাত্রায় রাখতে হবে। সামাজিক মাধ্যমগুলিতে এব্যাপারে প্রচারে বিশেষ জোর দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications