কেন্দ্রীয় বাজেট ২০২০ : সরকারের তিন ধরনের প্রধান বাজেট সম্পর্কে এক নজরে জেনে নিন
পয়লা ফেব্রুয়ারি দেশের সংসদে পেশ হয়ে চলেছে ২০২০-২১ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। মোদী জামানায় দেশের ভেঙে পড়া অর্থনীতির মোকাবিলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী কতটা প্রস্তুত তা জানা যাবে আগামী শনিবারই। উদ্যোগপতি থেকে শুরু করে সাধারণ মানুষ, অবসরপ্রাপ্ত থেকে বেতনভোগী, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে কর্পোরেট সংস্থা, সকলেই তাকিয়ে আগামী শনিবারের দিকে। ভারতের কেন্দ্রীয় বাজেটকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়।

সুষম বাজেট
কোনও বাজেটের ভারসাম্য বজায় রাখার জন্য ওই অর্থবর্ষের প্রত্যাশিত আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। অর্থনীতিবিদদের মতে, সরকারের ব্যয় কখনোই তার রাজস্ব থেকে বেশি হওয়া উচিত নয়। যদিও বেশিরভাগ অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে আনুমানিক ব্যয় এবং প্রত্যাশিত রাজস্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কঠিন। তবে এই ধরণের বাজেটের সবচেয়ে বড় সুবিধা হ'ল এটি অতিরিক্ত অপচয় হ্রাস করে। কিন্তু এর অন্যতম অসুবিধা হলো যে সরকারের আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে এটি সরকারের বিভিন্ন জনকল্যানমূলক প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে।

উদ্বৃত্ত বাজেট
কোনও আর্থিক বছরে ব্যয়ের তুলনায় সরকারের যদি আয় বেশি হয়, সেই বাজেটকে উদবৃত্ত বাজেট বলে। এই ধরণের বাজেট থেকে অনুমান করা যায় যে সরকার অতিরিক্ত কর আদায়ে সক্ষম হয়েছে এবং এর ফলে সরকার বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পে আরও বেশি টাকা খরচ করতে পারবে। মুদ্রাস্ফীতির সময়ে সামগ্রিক চাহিদা কমাতে এই ধরণের বাজেট কার্যকর করা যেতে পারে।
তবে দেশের অর্থনৈতিক মন্দার সময়ে এই ধরনের বাজেট কখনোই বিকল্প হতে পারেনা কারণ এই ধরণের বাজেট ইঙ্গিত দেয় যে সরকারের অতিরিক্ত আয় হয়েছে এবং যা দিয়ে বকেয়া মেটানো হবে।

ঘাটতি সম্পর্কিত বাজেট
উদবৃত্ত বাজেটের ঠিক বিপরীত হলো ঘাটতি বাজেট। সরকারের আনুমানিক আয়ের তুলনায় যখন ব্যয় বেশি হয়ে যায় তখন তাকে ঘাটতি বাজেট বলে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরণের বাজেট ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির পক্ষে এবং মন্দার সময়ে বিশেষ কার্যকরী। এই ধরণের বাজেট অতিরিক্ত চাহিদা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করে বলে মত বিশেষজ্ঞদের। বিশিষ্ট অর্থনীতিবিদ জন মেইনার্ড কেইন এর মতে ঘাটতি বাজেটের মাধ্যমে কর্মসংস্থান এবং বেকারত্বের সমস্যাগুলি সমাধান করা যেতে পারে সহজেই।












Click it and Unblock the Notifications