সাগর ছেড়ে স্থলভাগে ঢুকে পড়ল এবারের বর্ষা, আগামী ২৪ ঘন্টায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস
সাগর ছেড়ে স্থলভাগে ঢুকল মৌসুমী বায়ু (south west monsoon)। এদিন আবহাওয়া দফতরের তরফে এবারের বর্ষার স্থলভাগে ঢোকার কথা জানানো হয়েছে। কেরলের দক্ষিণভাগে বর্ষা প্রবেশ করেছে বলে জানিয়েছে হাওয়া অফিস (weather office) । তবে কে
সাগর ছেড়ে স্থলভাগে ঢুকল মৌসুমী বায়ু (south west monsoon)। এদিন আবহাওয়া দফতরের তরফে এবারের বর্ষার স্থলভাগে ঢোকার কথা জানানো হয়েছে। কেরলের দক্ষিণভাগে বর্ষা প্রবেশ করেছে বলে জানিয়েছে হাওয়া অফিস (weather office) । তবে কেরলে বর্ষা ঢোকার সঙ্গে বাংলায় বর্ষা ঢোকার কোনও সম্পর্ক নেই।

কেরলে বর্ষা ঢুকল ২ দিন দেরিতে
সাধারণভাবে কেরলে বর্ষা ঢোকে ১ জুন। এবার দিন কয়েক আগে জানানো হয়েছিল ৩১ মে কেরলে বর্ষা ঢুকতে পারে। কিন্তু এরমধ্যে পূর্ব উপকূলে আঘাত হানে ইয়াস ঘূর্ণিঝড়। যার জেরে দেশে মৌসুমী বায়ুর প্রবেশে বাধা তৈরি হয়। মঙ্গলবার ১ জুন আবহাওয়া দফতর জানিয়েছিল, এবার উত্তর ও দক্ষিণ ভারতে বর্ষা স্বাভাবিক হতে চলেছে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে মধ্যভারতে। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর।

গত ২ বছরের মতো বর্ষা হবে স্বাভাবিক
২০১৯ ও ২০২০-তে সারা দেশে বর্ষা ছিল স্বাভাবিক। এবারও তাই হতে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র। উত্তর পূর্ব ভারতে ৮-১০ জুনের মধ্যে বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিণভারত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব-মধ্য-পশ্চিম ভারতে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। দেশের বাকি অংশ শুকনো থাকবে। একটি ঘূর্ণাবর্তের অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ থেকে ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার ওপরে বিস্তৃত রয়েছে।

৪ মাসে ৭০ শতাংশ বৃষ্টির চাহিদা পূরণ
ভারতে সারা বছরে যে বৃষ্টি হয় তার ৭০ শতাংশ হয় জুন থেকে সেপ্টেম্বর, এই চারমাসের মধ্যে। এই বৃষ্টি দেশব্যাপী ধান, সয়াবিন, তুলো চাষে সাহায্য করে। গত দুবছরে ভাল বৃষ্টি হওয়ায় কৃষি ক্ষেত্র তার উপকার পেয়েছে। করোনা পরিস্থিতিতেও দেশব্যাপী কৃষিক্ষেত্রে ব্যাপন ফলন হয়েছে। বলা ভাল, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের অর্থনীতিকেও এগিয়ে নিয়ে যায়।

পশ্চিমবঙ্গে বর্ষা জুনের দ্বিতীয় সপ্তাহে
রাজ্যে সাধারণ ভাবে বর্ষা আসার সময় ৮ জুন। কিন্তু গত কয়েক বছর ধরে এই সময় ধরে রাজ্যে বর্ষা আসেনি। গতবছরে রাজ্যে বর্ষা সেছিল ১১ জুন। আবহাওয়া দফতর প্রাথমিভাবে জানিয়েছে ১২ জুন রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে। কেরলে বর্ষা সমুদ্র থেকে আসলেও, রাজ্যে বর্ষা ঢোকে পাহাড় থেকে। যার জেরে উত্তরবঙ্গে প্রথমে বৃষ্টি শুরু হয়। ৭ জুন থেকে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টি প্রাকবর্ষার বৃষ্টি বলেই জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications