নগদ প্রবাহ বাড়াতে ব্যাঙ্কিং শিল্পকে মজবুত করতে একাধিক পদক্ষেপ, কী বললেন আরবিআই গভর্নর?
করোনা সংক্রমণের জেরে নগদ প্রবাহ কমে গিয়েছে দেশের অর্থনীতিতে। দেশের ৮০ শতাংশ সংস্থার নগদ প্রবাহে টান পড়েছে। কাচা মাল ও উৎপাদন নিয়ে চাপে পড়েছে কম বেশি সব সংস্থা। চাহিদার অভাবে ৪ সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যাচ্ছে উৎপাদনের মাত্রা। পরবর্তীতে এই উৎপাদন আরও পিছিয়ে যাবে বলেই ধরে নেওয়া হচ্ছিল।

নগদ প্রবাহের টান পড়ায় বেশ কিছু পদক্ষেপ
এই নগদ প্রবাহের টান পড়ায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আরবিআই। এদিন এই বিষয়ে বলতে গিয়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, 'পয়লা মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে আরবিআই এক লাখ কুড়ি হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে। সারাবিশ্বে ব্যাঙ্কিং ব্যবস্থা যাতে অক্ষত থাকে লকডাউন এর মাঝেও সেই চেষ্টা করা হয়েছে।'

কী বলেন আরবিআই গভর্নর?
এদিন আরবিআই গভর্নর বলেন, 'সারাদেশে ব্যাঙ্কিং কাজের সঙ্গে যারা জড়িত তারা নিজেদের জীবন বাজি রেখে এ সংকটের মুহূর্তে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। আমি এদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।' এছাড়া ব্যাঙ্কগুলির ক্ষেত্রে এলসিআর ১০০ শতাংশ থেকে কমিয়ে ৮০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে ব্যাঙ্কগুলিকে ডিভিডেন্ড দিতেও বারণ করা হয়েছে।

রিভার্স রেপো রেট কমানো হয়েছে
এরপর ব্যাঙ্কিং খাতে সারপ্লাস ব্যবহারের উল্লেখ করেন আরবিআই গভর্নর। পাশাপাশি অর্থনীতিকে চাঙ্গা করতে ও বাজারে নগদ অর্থের যোগান বাড়াতে ২৫ বেসিস পয়েন্ট কমানো হয় রিভার্স রেপো রেট। এর ফলে বর্তমানে রিভার্স রেপো রেট ৩.৭৫। এর আগের মাসেই ৯০ বেসিস পয়েন্ট কমিয়ে রিভার্স রেট ৪ শতাংশ করা হয়েছিল। তবে অপরিবর্তিত থাকছে রেপো রেট।

ক্ষুদ্র শিল্পের জন্য ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ
এছাড়া এদিন ক্ষুদ্র শিল্পের জন্য ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ ও আবাসন শিল্পে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন শক্তিকান্ত দাস। তিনি বলেন, 'ক্ষুদ্র শিল্পের জন্য আপাপতত ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ দেবে আরবিআই। এছাড়া আবাসন শিল্প খাতে দেওযা হবে ১০ হাজার কোটি টাকা। পরে পরিস্থিতি পর্যালোচনা করে টাকার পরিমাণ বাড়তে পারে। আবাসন শিল্পে নন ব্যাঙ্কিং ফিন্যানশিয়াল কর্পোরেশনের ঋণ দেওয়ার উপর বিধিনিষেধও শিথিল করা হচ্ছে।'

মাইক্রো ফিন্যান্সের জন্য ৫০ হাজার কোটির প্যাকেজ
পাশাপাশি নাবার্ডের জন্য ২৫ হাজার কোটি টাকার প্যাকেজ এবং মাইক্রো ফিন্যান্সের জন্য ৫০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করা হয় এদিন।












Click it and Unblock the Notifications