গায়ত্রী মন্ত্র ও প্রাণায়ামে সারবে করোনা! কেন্দ্রের সাহায্যে গবেষণায় এইমস
গায়ত্রী মন্ত্র এবং যোগ সাধনাতে কি করোনা সংক্রমণ রোখা সম্ভব? এবার সেই গবেষণাতেই নামতে চলেছে ঋষিকেশে অবস্থিত এইমস। কেন্দ্রের বিজ্ঞান মন্ত্রকের সাহায্যে এই গবেষণা চালু হয়েছে বলে জানা গিয়েছে। এই গবেষণার অধীনে 'ক্লিনিকাল ট্রায়াল' চালানো হবে বলে জানা গিয়েছে। মূলত গুরুতর ভাবে অসুস্থ নন, এমন রোগীর উপরই এই পরীক্ষা চালানো হবে বলে জানা যাচ্ছে।

২০ জন করোনা রোগীকে বেছে নেবে এইমস
জানা গিয়েছে, এইমস-এ চলা এই গবেষণা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ক্লিনিকাল ট্রায়াল রেজিস্ট্রির অন্তর্গত। উল্লেখ্য, দেশে যেকোনও হিউম্যান ট্রায়ালের জন্যেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ক্লিনিকাল ট্রায়াল রেজিস্ট্রিতে নথিভুক্ত করানো বাধ্যতামূলক। এই পরীক্ষার উদ্দেশ্যে ২০ জন করোনা রোগীকে বেছে নেবে এইমস।

যোগ প্রশিক্ষক নিযুক্ত করা হবে এইমস-এর তরফে
জানা গিয়েছে, এই পরীক্ষার লক্ষ্যে এইমস-এর তরফে এখনও পর্যন্ত ২০ জন স্বল্প উপসমযুক্ত রোগীদের বেছে নেওয়া হয়েছে। এই ২০ জন রোগীকে দুটি দলে বিভক্ত করে চালানো হবে পরীক্ষা। একটি দল প্রথাগত চিকিৎসা পাবে। অন্য দলটিকে ১৪ দিনের জন্য গায়ত্রী মন্ত্র এবং প্রাণায়ামের নিয়মে রাখা হবে। তাদের জন্য একজন সার্টিফায়েড যোগ প্রশিক্ষক নিযুক্ত করা হবে।

প্রাণায়ামের গুণ
এই পরীক্ষার পর দুই দলের রোগীদের শারীরিক পরিস্থিতির তুলনা করা হবে। তবে গুরুতর ভাবে করোনা আক্রান্ত রোগীদের উপর এখনই এই পরীক্ষা চালানো হবে না বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে, প্রাণায়ামের মাধ্যমে সঠিকভাবে শ্বাসপ্রশ্বাস গ্রহণের মধ্যে দিয়ে শরীরের শক্তিকে নির্দিষ্ট পথে চালিত করা যায়। পাশাপাশি শরীরে সঠিক মাত্রায় অক্সিজেন বজায় রাখা সহ বিভিন্ন সুফল মেলে।

দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ
এদিকে এদিন সারা দেশে করোনা ভাইরাসে সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১১, ৫৫৫, ২৮৪ -তে। মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫৯, ৫৫৮-তে। দেশে মৃত্যুর হার ১.৩৮ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১,১১,০৭,৩৩২ জন।












Click it and Unblock the Notifications