‘ভারত বিরোধিতা করেই পাকিস্তান নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে’ : রাজনাথ সিং
জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদাকে বাতিলকে বিজেপি সরকারের বড়সড় সাফল্য বলে শুক্রবার উল্লেখ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে রাজনীতিতে "বিশ্বাসযোগ্যতার সংকটকে" শেষ করা সম্ভব হয়েছে বলেও মনে করেন তিনি।

এই প্রসঙ্গে এদিন তাকে বলতে দেখা যায় “জম্মু ও কাশ্মীরের জন্য সংবিধানের ৩৭০ বাতিল এমন একটি পদক্ষেপ যা রাজনীতিতে বিশ্বাসযোগ্যতার সংকটকে শেষ করেছিল। মানুষের একটা ধারণা আছে যে রাজনীতিতে যা বলা হয় তা করা হয় না। তবে আমরা যা বলেছিলাম তা করেছি।”
জনসংঘের দিন থেকেই বিজেপির ইশতেহারে এই ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। এদিন একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে রাজনাথ সিং বলেন, "যখনই আমরা নিখুঁত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, তখনই আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি।"
পাশাপাশি সন্ত্রাসবাদ প্রসঙ্গেও পাকিস্তান তুলোধোনা করতে দেখা যায় তাকে। পাকিস্তান সন্ত্রাসবাদকে দেশের শিল্প ও ব্যবসায় নামিয়ে এনেছে বলেও এদিন তিনি মন্তব্য করেন। যার ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ অর্থনীতি ক্রমশ ভেঙে পড়ছে বলে মন্তব্য করতে দেখা যায় তাকে। এই প্রসঙ্গে তিনি বলেন, “ ভারত বিরোধিতা করেই পাকিস্তান তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। কিন্তু দেশের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ফলে তাদের অর্থনীতি ক্রমেই ভেঙে পড়ছে। যে দেশগুলি তাদের পৃষ্ঠপোষকতা করত তারাও এখন তাদের আর্থিকভাবে সহায়তা করতে প্রস্তুত নয়।”
পাশাপাশি দেশের অর্থনৈতিক মন্দা সম্পর্কে বিরোধীদের অভিযোগকে আক্রমণ করে রাজনাথ বলেছিলেন, "বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও, ভারতে এর প্রভাব কম। আমাদের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালের মধ্যে আমরা ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে চলেছি।"












Click it and Unblock the Notifications