মোদী-শাহ জুটি গণতন্ত্রকে হত্যা করছে রাজস্থানে! রাজ্যসভা ভোটের আগে ফ্রন্টফুটে আক্রমণ অশোক গেহলটের
নিশ্চিত জয়ের আবহতেও রাজস্থানে চিন্তায় কংগ্রেস। কোটি কোটি টাকার বিনিময়ে রাজ্যে সরকার ফেলার চক্রান্ত চলছে বলে অভিযোগ কংগ্রেসের। অভিযোগের তির বিজেপি-র দিকে। সেরাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি, মোদী-শাহ জুটি মিলে গণতন্ত্রের হত্যা করছে। তাঁর আরও দাবি শুধুমাত্র বিধায়ক কেনাবেচা করতেই দুই মাস পিছিয়ে দেওয়া হয় রাজ্যসভার নির্বাচন।

মোদী-শাহ জুটিকে আক্রমণ অশোক গেহলটের
এদিন এক অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিনিয়ত গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই রাজ্য়সভার ভোটটা আরও দুই মাস আগেই অনুষ্ঠিত হতে পারত। তবে ততদিনে বিজেপির সব লেনদেন পূর্ণ হয়নি বলে তা পিছিয়ে দেওয়া হয়।'

একের পর এক রাজ্যে বিজেপির অপারেশন কমল
প্রসঙ্গত, গত এক বছরে, কংগ্রেসকে কর্নাটক ও মধ্যপ্রদেশের মতো দুটি বড় রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করেছে বিজেপি। দুই ক্ষেত্রেই বিধায়কদের কেনার অভিযোগ রয়েছে তাদের দিকে। এরই মধ্যে গুজরাতেও পরপর কংগ্রেস বিধায়কদের ইস্তফায় নাজেহাল হয়ে পড়েছে কংগ্রেস সরকার। এরই মধ্যে রাজস্থানেও কংগ্রেসের টালমাটাল অবস্থা অপারেশন কমলের জেরে।

নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী সচিন পাইলট
এদিকে রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট বলেন, 'আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যা রয়েছে। আমরা খুব সজেই রাজ্যসভার আসনগুলি জিতব। কোনও বিধায়কই আমাদের ছেড়ে যায়নি। বিজেপি মানুষকে বোকা বানাতে চাইছে। এসব জল্পনা তৈরি করে কোনও লাভ হবে না। নির্দল বিধায়করাও আমাদের সঙ্গে রয়েছে।'

রাজস্থানে টালমাটাল কংগ্রেস
রাজ্যসভা নির্বাচনের আগে গুজরাতে যখন দল গোছাতে ব্যস্ত কংগ্রেস, তখনই রাজস্থানে বিপাকে তাদের সরকার। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে টাকার খেলায় সরকার ভাঙার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছে তাঁরা। দুর্নীতির অভিযোগে এবং স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাজ্যের দুর্নীতি দমন বিউরোর প্রধানকে চিঠি দিয়েছিলেন রাজস্থান বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ যোশী।

বিধায়কদের সেফ হাউজে পাঠালো কংগ্রেস
রাজ্যসভা ভোটের আগে রাজস্থানে সরকার ফেলার চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। দলবদলের জন্য কংগ্রেস বিধায়কদের টাকা ও পদের টোপ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। সূত্রের খবর, নিজেদের বিধায়কদের ইতিমধ্যেই দিল্লি-নাগপুর হাইওয়ের কাছে শিববিলাস রিসর্টে সরিয়ে এনেছে কংগ্রেস।

রাজস্থানে রাজ্যসভা নির্বাচনের সমীকরণ
১৯ জুন রাজস্থানের রাজ্যসভা আসনগুলির তিনটিতে ভোট হবে। যার মধ্যে বিধানসভায় আসন সংখ্যার নিরিখে দু'টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত। বর্তমানে রাজস্থানে ১০৭ জন কংগ্রেস বিধায়ক রয়েছেন। এছাড়া ১২ জন নির্দল বিধায়ক কংগ্রেস সরকারকে সমর্থন করছে। অন্যদিকে, বিজেপি-র বিধায়ক সংখ্যা ৭২। সেইসঙ্গে সহযোগী ও নির্দল মিলিয়ে আরও ৬ জন রয়েছে তাদের।












Click it and Unblock the Notifications