সমস্যা এড়িয়ে যাওয়া তার সমাধান নয়, করোনা ভাইরাস নিয়ে মোদী সরকারকে আক্রমণ রাহুলের
সমস্যা এড়িয়ে যাওয়া তার সমাধান নয়, করোনা ভাইরাস নিয়ে মোদী সরকারকে আক্রমণ রাহুলের
দেশে বেড়ে চলা করোনা ভাইরাসের জন্য কেন্দ্রকে দুষলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বিজেপি সরকারকে আক্রমণ করে জানান, মোদী সরকার একগুঁয়ে এবং কড়া পদক্ষেপ না নিলে শীঘ্রই অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।

রাহুল গান্ধী জানান, সংক্রমক এই রোগ বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং একে এড়িয়ে যাওয়া সমস্যার সমাধান নয়। কংগ্রেস নেতা টুইটে বলেন, 'আমি বার বার বলে এসেছি। এই করোনা ভাইরাস খুব বড় সমস্যা। এই সমস্যাকে এড়িয়ে যাওয়া সমাধান নয়।’ উল্লেখ্য ইতিমধ্যেই কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছে দেশের ৭৪ জন। কর্নাটকে মৃত্যু হয়েছে একজনের।
তিনি টুইটে আরও বলেন, 'ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে যদি কড়া পদক্ষেপ না নেওয়া হয়। সরকারের এটা একগুঁয়েমি।’ ১২ ফেব্রুয়ারি রাহুল গান্ধী টুইট করেছিলেন যে করোনা ভাইরাস দেশবাসীর কাছে বড় হুমকি। প্রসঙ্গত, বৃহস্পতিবার দেশের অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন তিনি জানান যে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে বলেই দেশের অর্থনৈতিক অবস্থার পতন ঘটেছে।












Click it and Unblock the Notifications