রাহুল এবার বিয়ে করুন, বরযাত্রী যাব আমরা! জোট বৈঠকে উঠল হাসির রোল
রাহুল এবার বিয়ে করুন, বরযাত্রী যাব আমরা! জোট বৈঠকের মাঝেই রাহুল গান্ধীর কাছে আর্জি আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের। লালুপ্রসাদের অভিভাবকসুলভ আর্জি আর সেইসঙ্গে রাহুল গান্ধীর প্রতিক্রিয়া শুনে হাসির রোল পড়ে গেল বৈঠকে। মুহূর্তেই উধাও ভাব-গম্ভীর সেই পরিবেশ।
রাজনীতির কড়চা থেকে ব্যক্তিগত খুনসুটি- এক অন্য মেজাজ এনে দিল জোট বৈঠকের মাঝেই। রাজনৈতিক নেতাদের মধ্যেও যে হাসি-ঠাট্টা হয়, পারিবারিক আলোচনা হয়, মা যে ছেলের বিয়ে নিয়ে চিন্তিত হয়, বিয়ের কথায় রাজনীতিক ছেলেও যে লজ্জা পান, তার প্রকাশ পেল ভরা বৈঠকের মাঝেই।

এদিন রাহুল গান্ধীকে বিয়ে করতে অনুরোধ করেন লালুপ্রসাদ যাদব। পাটনায় বিরোধীদের মেগা বৈঠকের মাঝেই সিনিয়র নেতার আর্জি শুনে রাহু গান্ধীও চুপ থাকতে পারেননি। তিনিও বাধ্য হন জবাব দিতে। লাজুক কণ্ঠে তার প্রতিক্রিয়াও ছিল বেশ বুদ্ধিদীপ্ত।
লালুপ্রসাদ যাদব বলেন, "রাহুলজি, শাদি করিয়ে, হাম লোগ বারাতি চালেঙ্গে।" অর্থাৎ বিয়ে করুন, আমরা আপনার বিয়েতে বরযাত্রী যেতে চাই। দীর্ঘদিন পর কোনো একটি রাজনৈতিক সভায় যোগ দিয়ে বেশ মজা করলেন তিনি। কংগ্রেস নেতা রাহুলকে বিয়ের আর্জি জানিয়ে তিনি এমনই কথার ফুলঝুরি ছড়ালেন যে, অট্টহাসিতে ফেটে পড়ল সভাস্থল।

তা শুনে রাহুল গান্ধী উত্তর দেন, "আমার বয়স এখন ৫৩। এখন আপনি এ কথা বলছেন। তা কি আর সম্ভব।" তারপর লালুপ্রসাদ আবার পাল্টা বলেন, "শাদি করনা চাহিয়ে। আভি টাইম হ্যায়। অর্থাৎ বিয়ে করুন, এখনও সময় আছে।" তারপর তিনি বলেন, "আপনার মা আমাকে বলেছিলেন যে, আপনি তাঁর কথা শুনছেন না।"
আবারও তিনি বলেন, "পাক্কা করিয়ে, বাত মানিয়ে।" অর্থাৎ এখনই নিশ্চিত করুন। আমাদের কথা শুনুন। রাহুল বিয়ের কথা অবশ্য এবারই প্রথম উঠল না। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে রাহুলকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছে, আর রাহুল তার জবাব দিয়েছেন।

এই তো গত জানুয়ারিতেই রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রার সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন, "যখন সঠিক কাউকে পাবেন, তিনি বিয়ে করবেন।" তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আপনার কেমন মেয়ে পছন্দ? রাহুল উত্তরে বলেন, "না, শুধু প্রেমিক মনের একজন, যিনি বুদ্ধিমান হবেন।"
রাহুলের মুখে এমন মন্তব্য শুনে সংবাদিক বলেছিলেন, "ঠিক আছে, আপনি তো আমাকে সমস্যায় ফেলে দিলেন।" তার আগে ডিসেম্বরে রাহুল গান্ধী একটি ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি চান তার সঙ্গীর মধ্যে তাঁর মা সোনিয়া গান্ধী এবং তাঁর ঠাকুরমা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো গুণাবলী থাকুক।












Click it and Unblock the Notifications