করোনা টিকাকরণের গতি বজায় রাখতে হবে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
করোনা টিকাকরণের গতি বজায় রাখতে হবে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গণটিকাকরণে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছে ভারত। শনিবারই এক কোটি ডোজ টিকাকরণ সম্পন্ন করেছে দেশ। যার ফলে কিনা দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশই সম্পূর্ণ টিকাকরণের আওতায় এসেছে। তবে টিক এখনই কোনরকমের ঢিলেমি দিলে চলবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে, অতিমারির হাত থেকে রক্ষা পেতে এই গতিময়তা বজায় রাখতেই হবে।

টিকাকরণে মাইলস্টোন স্পর্শ করেছে দেশ!
দেশজুড়ে গণটিকাকরণ শুরুর এক বছরের মধ্যেই এই মাইলস্টোন ছুঁতে পেরেছে ভারত৷ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, 'আমাদের কাছে অত্যন্ত গর্বের একটি মুহূর্ত৷ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশের সম্পূর্ণ টিকাকরণ করতে পেরেছি আমরা।' সোমবার স্বাস্থ্যমন্ত্রীর ট্যুইট ট্যাগ করেই মোদী লেখেন, ' ভারতের টিকাকরণ প্রক্রিয়া আরও একটি মাইলস্টোন ছুঁল। কোভিডের বিরুদ্ধে লড়াইতে এই গতিময়তা বজায় রাখতেই হবে৷ আর হ্যাঁ, মাস্ক পরা, সোশ্যাল ডিস্ট্যান্সিং সহ সমস্ত স্বাস্থ্যবিধি পালন করুন।'

কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?
মনসুখ মাণ্ডব্য গতকালই জানিয়েছিলেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, অরুনাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরল, লাদাখ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরায় প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশের বেশি এখন টিকাকরণের আওতায় এসেছেন৷

এখনও রয়েছে আশঙ্কা!
তবে টিকাকরণ পুরোদমে চললেও চিন্তা কমছে না কোনওভাবেই। দেশে হানা দিয়েছে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন৷ কর্নাটক তো ছিলই, দিল্লি, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতেও দেখা গিয়েছে নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ। দেশজুড়ে আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ২১ জন। ওমিক্রন সংক্রমণের মাঝেই গোটাদেশকে তৃতীয় ঢেউয়ের জন্য তৈরি হতেও নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা।

কী বলছেন AIIMS এর চিকিৎসক?
হায়দরাবাদ এইমসের কার্যনির্বাহী ডিরেক্টর ডাঃ বিকাশ ভাটিয়া বলেন, 'ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এখনও প্রকাশ্যে আসেনি৷ দু-একদিনের মধ্যে যদি প্রমাণিত হয় যে ওমিক্রন ততটা ভয়ানক নয়, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এমনটা না হয়, তাহলে তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত হোক দেশ৷'












Click it and Unblock the Notifications