সাড়ে সাত লক্ষ প্রদীপে সাজবে অযোধ্যা, দিওয়ালিতে আলোর শহরে আসতে পারেন নরেন্দ্র মোদী
দিওয়ালির সময় অযোধ্যা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই দিওয়ালি উদযাপনের জন্য অযোধ্যায় মহা সমারোহে প্রস্তুতি চলছে। তার ওপর যদি নরেন্দ্র মোদী এই পবিত্র উৎসবে উপস্থিত হন তাহলে তো আড়ম্বর আরও বেশি করে হওয়ার কথা। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই মন্দির শহরে মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন দিওয়ালিতে। এ বছর ৪ নভেম্বর গোটা দেশজুড়ে পালন করা হবে দিওয়ালি।

সাড়ে সাত লক্ষ মাটির প্রদীপে সাজবে অযোধ্যা
ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে এ বছর দিওয়ালিতে অযোধ্যা নগর সেজে উঠবে সাড়ে সাত লক্ষ মাটির প্রদীপ দিয়ে। গত ৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, 'এই বছর দিওয়ালি উপলক্ষ্যে সাড়ে ৭ লক্ষ মাটির প্রদীপ তৈরি করা হয়েছে। এই প্রদীপ শুধুমাত্র প্রদীপ নয়, এটি রোজগারেরও পথ স্বরূপ। এর মাধ্যমে জীবিকা অর্জনের সুযোগ পান বহু মানুষ'।

মাটি নিয়ে সমস্যা সমাধান করেছে উত্তরপ্রদেশ সরকার
প্রথমে প্রদীপ তৈরির জন্য কুমোরদের মাটির সমস্যা হত। কিন্তু তারপর উত্তরপ্রদেশ সরকার এক স্কীম চালু করেন, যার ফলে কুমোর এবং গ্রামবাসী সকলেই উপকৃত হয়। জল সংরক্ষণের জন্য বিনামূল্যে পুকুর সংস্করণের কাজ করায় সরকার। আর তার থেকে বেরিয়ে আসা মাটিও বিনামূল্যেই দেওয়া হয় কুমোরদের।

অবধ বিশ্ববিদ্যালয় তৈরি করে মাটির প্রদীপ
অবধ বিশ্ববিদ্যালয়ের ৭,০০০ স্বেচ্ছাসেবক নিজেদের গড়া রেকর্ডই ভেঙে দিতে তৈরি। অযোধ্যার মেয়র হৃষীকেশ উপাধ্যায় জানিয়েছেন, 'এবারের দীপোৎসবে নতুন রেকর্ড গড়ার চেষ্টা করা হবে। এ বছরের দীপোৎসব অনেক বড় আকারে এবং ঐশ্বরিকভাবে করার চেষ্টা চলছে। শুধু সরযূ নদীর তীরেই না, রামনগরীর সব ঐতিহাসিক জলাশয় এবং পৌরাণিক ভবনগুলিতেও প্রদীপ জ্বালানো হবে।'

এ বছরের দিওয়ালির গুরুত্ব আলাদা
প্রসঙ্গত, গত বছর রাম মন্দিরের কাজ শুরু হওয়ার পর থেকে এটা দ্বিতীয় দিওয়ালি উদযাপন। করোনা আবহে অন্যান্যবারের মতো দিওয়ালিতে সাধারণ মানুষের যোগদান তেমন না থাকলেও, এই উৎসবকে জাঁকজমকপূর্ণ করে তোলার জন্য চেষ্টার খামতি থাকছে না। উত্তরপ্রদেশ সরকার দীপোৎসবকে অসাধারণ এক অনুষ্ঠান করে তোলার জন্য সবরকমভাবে সহযোগিতা করছে। গোটা অযোধ্যা শহরকেই আলোকিত করা হবে। উপরন্তু উত্তরপ্রদেশে এই বছরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনকালের ৫ বছর সময় শেষ হচ্ছে। তাই এই বছর এই দীপাবলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে যোগী সরকার। গত বছর করোনা আবহে ৫,৫১,০০০ হাজার মাটির প্রদীপ জ্বালানো হয়েছিল এবার সেই রেকর্ড ভাঙতে চায় অযোধ্যা। আর তাই দীপাবলিতে সাড়ে ৭ লক্ষ মাটির প্রদীপ দিয়ে সাজানো হবে অযোধ্যা নগরীকে।












Click it and Unblock the Notifications