তরুণ সাংসদদের নিঃশব্দতা নিয়ে উদ্বেগ মোদীর, সংসদে বক্তব্যের সুযোগ দেওয়ার আহ্বান
শীতকালীন অধিবেশনের প্রথম দিনের প্রাক্কালে সোমবার সংসদ ভবন থেকেই নিজের দীর্ঘদিনের সবচেয়ে বড় দুশ্চিন্তাটি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায় দেশের তরুণ ও প্রথমবার নির্বাচিত সাংসদরা ক্রমশ হতাশ হয়ে পড়ছেন, কারণ তাঁদের অনেকেই এখনও পর্যন্ত লোকসভার মঞ্চে নিজের মতামত তুলে ধরার সুযোগই পাচ্ছেন না।
মোদীর বক্তব্য, "নতুন সাংসদরা খুব ব্যথিত। তাঁরা নিজের যোগ্যতা দেখানোর, নিজের এলাকার সমস্যাগুলি তুলে ধরার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের অগ্রগতির আলোচনায় তারা অংশ নিতে চাইলেও নানা বাধায় তাদের কণ্ঠ রুদ্ধ হচ্ছে।"

প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা সাংসদ কোন দলে এর চেয়ে বড়, সংসদীয় গণতন্ত্রে তাঁর বক্তব্য রাখার অধিকার। সকল প্রথমবারের সাংসদকেই তাই সুযোগ দিতে হবে। সেই সুরেই যেন এক অপ্রকাশ্য কটাক্ষ "নাটক করার অনেক মঞ্চ আছে, সংসদ সেই জায়গা নয়।"
অধিবেশনের আগের ভাষণে মোদী আরও অভিযোগ করেন, গত দশ বছর ধরে সংসদকে বহু বিরোধী সদস্যই ব্যবহার করেছেন "নির্বাচনের প্রস্তুতি বা পরাজয়ের ক্ষোভ উগরে দেওয়ার জায়গা" হিসেবে। তাঁর বক্তব্য দেশ এখন সেই রাজনীতি আর মেনে নিতে রাজি নয়। তাই বিরোধীদের 'খেলার ধরন' বদলানোর পরামর্শ দেন তিনি। এমনকি প্রয়োজনে "টিপস দিতে প্রস্তুত" বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এই মন্তব্যগুলি আসে এমন সময়ে, যখন বিহারে এনডিএ আবারও বিপুল শক্তিতে ক্ষমতা ফিরে পেয়েছে, আর বিরোধী 'ইন্ডিয়া' জোট বড় ধাক্কা খেয়েছে।
১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন, আর সেই সময়ে প্রায় ১৪টি বিল পেশ হতে পারে বলে সংসদীয় সূত্রের খবর। বিরোধীরা অবশ্য ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে এসআইআর প্রক্রিয়া ও দিল্লির ভয়াবহ দূষণই হতে চলেছে অধিবেশনের প্রধান বিতর্ক।
দেশজুড়ে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর পর্যালোচনা চলছে, যা নিয়ে বিরোধীরা শুরু থেকেই আপত্তি জানিয়ে যাচ্ছে। অন্যদিকে, দিল্লিতে টানা দুই সপ্তাহ ধরে একিউআই 'খুব খারাপ' থেকে 'জরুরি' স্তরের মধ্যে ঘোরাফেরা করায় পরিবেশ পরিস্থিতি হয়ে উঠেছে উদ্বেগজনক।
সব মিলিয়ে, মোদীর উদ্বেগ ও বিরোধীদের প্রস্তুতির মধ্যেই উত্তপ্ত হতে চলেছে শীতকালীন অধিবেশনের রাজনৈতিক অঙ্গন।












Click it and Unblock the Notifications