SIR নোটিস পেতেই আতঙ্ক! হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক শ্রমিকের, কী দাবি পরিবারের?
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া ঘিরে আতঙ্কের মধ্যেই মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম আকসার শেখ। জলঙ্গি থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা তিনি। আজ সকালেই তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের অভিযোগ যে, SIR-এর নোটিস পাওয়ার পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন।

পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, আকসার পেশায় একজন সাধারণ শ্রমিক ছিলেন। স্ত্রী এবং চার ছেলেকে নিয়েই তাঁর সংসার চলত। সম্প্রতি তিনি ব্লক প্রশাসনের তরফ থেকে এসআইআরের শুনানিতে হাজির হওয়ার জন্য একটি নোটিস পান। সেই নোটিস হাতে আসার পর থেকেই তাঁর মনে নানারকমের আশঙ্কা দানা বাঁধে। পরিবারের দাবি যে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাবে কি না, অকারণে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে হবে কি না এই সমস্ত কিছু চিন্তা করে রাতের ঘুম উড়ে গিয়েছিল তাঁর।
আজ সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়লে আকসারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসকদের প্রাথমিক অনুমান যে, অতিরিক্ত মানসিক চাপের কারণেই তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।
আকসারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই নওদাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের আবহ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে, SIR-এর নাম করে সাধারণ মানুষকে অযথা ভয় দেখানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আতঙ্ক আরও বেড়েছে বলেও তাঁদের দাবি। ঘটনার খবর পাওয়ার পরে এলাকায় পৌঁছে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে আবার, প্রশাসনের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে যে, SIR একটি নিয়মিত এবং প্রশাসনিক প্রক্রিয়া। তাই এতে ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে এই বার্তাটি বাস্তবে গ্রামীণ মানুষের মনে কতটা ভরসা জোগাতে পারছে, তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications