মাস্ক না পরে রাস্তায় নামলেই জেলে পাঠাবে পুলিশ! করোনা রুখতে কড়া পদক্ষেপ এই শহরে
দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। কোভিড ১৯-এর থাবায় জর্জরিত মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০১৮ জন। মারা গিয়েছেন ৬২ জন।

মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা
এদিকে মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে বাণিজ্যনগরীতেই। সেখানে ৬০০-র বেশি জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের।

কড়া সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশের
এই পরিস্থিতিতে কড়া ঘোষণা করা হল মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশের তরফ থেকে। লকডাউন চলাকালীন যদি কোনও ব্যক্তিকে রাস্তায় মাস্ক ছাড়া দেখা যায় তবে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হল। সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে জেলে পর্যন্ত ভড়া হতে পারে।

লকডাউন বাড়বে মুম্বইতে
এদিকে লকডাউন বাড়তে চলেছে মুম্বইয়ে। গত কয়েকদিনে মুম্বইয়ে ধারাভি বস্তিতে চার জন সংক্রামিত হয়েছেন করোনা ভাইরাসে। তাতে উদ্বেগ বেড়েছে। ধারাভিতে করোনা ছড়িয়ে পড়লে মহারাষ্ট্রের পরিস্থিতি আরও উদ্বেগজনক জায়গায় পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই হয়ত মুম্বইয়ের লকডাউন বাড়তে পারেন উদ্ধব ঠাকরে সরকার। এখনও পর্যন্ত এশিয়ার বৃহত্তম এই বস্তিতে মোট ৯ জন আক্রান্ত হয়েছেন।

আতঙ্কের নাম ধারাভি!
ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় ওই অঞ্চলে খুব তাড়াতাড়ি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ওই বস্তি এলাকার পুরোটাই "সিল" করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা ৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে থাকা ওই বস্তিতে গা ঘেঁষাঘেঁষি করে থাকেন কমপক্ষে ১০ লক্ষ মানুষ, ফলে দ্রুত হারে ছড়াতে পারে সংক্রমণ।












Click it and Unblock the Notifications