New Delhi Station Stampede: পদপিষ্টে ক্ষতিপূরণ দেবে রেল, শোকবার্তা মোদী-শাহের; কী প্রতিক্রিয়া রেলমন্ত্রীর?
New Delhi Station Stampede: মহাকুম্ভে (Maha Kumbh 2025) যাওয়ার ট্রেন ধরতে হুড়োহুড়িতে নিউ দিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত্যুমিছিল। মৃতের সংখ্যা (Death Toll) বেড়ে দাঁড়িয়েছে ১৮। ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণেরও (Compensation)।
এক্স পোস্টে মোদী লেখেন, নিউ দিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় বিচলিত। যারা প্রিয়জনকে হারালেন, তাদের সমবেদনা। আহতদের দ্রুত সুস্থচা কামনা করে মোদী লেখেন, প্রশাসন সকলের পাশে রয়েছে। এক্স পোস্টে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও (Draupadi Murmu)।

পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। আহতদের জন্য আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা অল্পবিস্তর আহত হয়েছেন, তাদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে সরকার।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন অমিত শাহ। দিল্লির উপরাজ্যপাল ও পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে যাবতীয় সাহায্যের নির্দেশ দেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান শাহ ও রাজনাথ।
কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়ঙ্কা গান্ধীও ঘটনায় শোক জ্ঞাপন করেন। কেন্দ্রের ব্যর্থতার অভিযোগেও সরব হন তারা। এক্স পোস্টে খাড়গে লেখেন, নিউ দিল্লি রেলস্টেশনে পদপিষ্টকাণ্ডের ভিডিও হৃদয়বিদারক। নরেন্দ্র মোদীর সরকার সত্য লুকোতে চাইছে, এটা সত্যিই লজ্জার ও নিন্দাজনক। হতাহতের আসল সংখ্যা প্রকাশের দাবি তুলেছেন খাড়গে।
যদিও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এক্স পোস্টে তিনি লেখেন, দিল্লি পুলিশ ও সিআরপিএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান। ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। রেলস্টেশনের বাইরে প্রচুর লোকের ভিড় হওয়াতে যানজটেরও সৃষ্টি হয়। স্টেশনের বাইরে ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ট্র্যাফিক পুলিশও মোতায়েন করা হয়েছে।












Click it and Unblock the Notifications