প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন, জল্পনা তুঙ্গে
narendra modi, india, government, নরেন্দ্র মোদী, ভারত, সরকার
এদিন জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে দেশে বিদ্যুৎ সংকটের সম্ভাবনা নিয়ে যেমন রয়েছে প্রবল উদ্বেগ , তেমনই রয়েছে উৎসবের পর বাড়বাড়ন্ত করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে বিভিন্ন আশঙ্কা। যেখানে গবেষকরা দেশে তৃতীয় স্রোতের সম্ভাবনার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন সেখানে এইদিন প্রধানমন্ত্রী কী বলতে পারেন, তা নিয়ে রয়েছে বহু জল্পনা। তারই মাঝে এদিন প্রধানমন্ত্রীর দফতর থেকে সকাল ৭ টা নাগাদ জানানো হয়েছে যে জাতির উদ্দেশে সকাল ১০ টায় বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, দেশে যাতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তার বার্তা আগেই দিয়ে দিয়েছে কেন্দ্র। উৎসবের মরশুমের আগেই কেন্দ্র জানিয়েছিল যে সমস্ত এলাকায় করোনা পরিস্থিতি সংকটজনক বা করোনার সংক্রমণের হার ৫ শতাংশের বেশি সেখানে জমায়েতের ক্ষেত্রে আলাদা করে গুরুত্ব দিতে হবে প্রশাসনকে। এদিকে, ওনাম উৎসবের পর কেরলে বাড়বাড়ন্ত করোনা পরিস্থিতি। পরবর্তীকালে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি দুর্গাপুজোর পর থেকে বেশ উদ্বেগের পথে গিয়েছে। এমন এক অবস্থায় দেশে করোনা পরিস্থিতি নতুন করে ভাবনা বাড়িয়েছে। এদিকে ভ্যাকসিনেশন ডোজে ভারত বড়সড় মাইলফলক পার করেছে, তার জন্য আলাদা করে স্বাস্থ্য কর্মী থেকে চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
একদিকে যখন দেশ করোনা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগে রয়েছে। তেমনই আবার কাশ্মীরে উদ্বেগ বাড়াচ্ছে জঙ্গি কার্যকলাপ। ভূস্বর্গের বুকে জায়গায় জায়গায় চলছে নিরাপত্তাবাহিনীর তরফে জঙ্গি নিধন অভিযান। এরই মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের একবার পাকিস্তানের উদ্দেশে সতর্কতামূলক বার্তা দিয়ে রেখেছেন। এদিকে, কাশ্মীর জুড়ে টার্গেটেড কিলিং কার্যত নতুন করে ত্রাস সঞ্চার করেছে। সেখানে বেছে বেছে কাশ্মীরের বাইরে ভিন রাজ্যের বাসিন্দাদের হত্যা করা হচ্ছে। এছাড়াও ধর্মীয় ভেদাভেদ তৈরি করতে কাশ্মীরের বুকে বহু ধর্মীয় নেতাদের উপর হামলা চলছে। এদিকে, পরিস্থিতি বেশ কঠিন করে তুলেছে উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশের সীমান্তের চিনা আগ্রাসন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অরুণাচল প্রদেশ ও উত্তরাখণ্ড সীমান্ত দিয়ে প্রচুর চিনা সেনা অনুপ্রবেশের চেষ্টা করলেও ভারত তাদের মোক্ষম জবাব দিয়েছে। একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, অরুণাচল প্রদেশে চিনের সেনা প্রবেশের চেষ্টা করলেও সেখানে লালফৌজের কয়েকজন জওয়ানকে আটকে রাখা হয়। তারপর দুই তরফের সেনার আলোচনার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এদিকে, দেশ জুড়ে যখন এমন এক পরিস্থিতি তখন কোনদিকে যাচ্ছে গোটা অবস্থা তার দিকে তাকিয়ে রয়েছে দেশ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ নিয়ে স্বভাবতই বাড়ছে জল্পনা।












Click it and Unblock the Notifications