করোনা মোকাবিলায় বাকি বিশ্ব থেকে এগিয়ে ভারত, প্রায় ৩০ ধরনের ভ্যাকসিন তৈরির কাজ চলছে দেশে!
করোনা ভাইরাসের মোকাবিলায় এই মুহূর্তে দেশে প্রায় ৩০ ধরনেরও বেশি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। কাজ চলছে বিভিন্ন পর্যায়ে। বেশ কিছু ভ্যাকসিনের প্রস্তুতি পরীক্ষামূলক পর্যায়েও রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমনই জানালেন কোরোনার ভ্যাকসিন তৈরির সঙ্গে যুক্ত টাস্ক ফোর্সের সদস্যরা।

বৈঠকে প্রধানমন্ত্রী
গতকালই করোনা মোকাবিলায় ভ্যাকসিন তৈরির জন্য গঠিত বিশেষ টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতিতে ভারত বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে, তা নিয়ে পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ভারতীয় সংস্থাগুলি করোনার প্রতিষেধক প্রস্তুতিতে প্রাথমিকভাবে বাকি দেশগুলির তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে।

করোনা মোকাবিলায় ওষুধের তথ্য দেয় টাস্ক ফোর্স
বিবৃতিতে মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, বেশ কিছু ওষুধ, যা ইতিমধ্যেই বাজারে রয়েছে, সেগুলির করোনা মোকাবিলায় কোনও প্রভাব পড়ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এরকম কমপক্ষে চার ধরনের ওষুধ বাজারে রয়েছে বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা।

গবেষণাগারে নতুন ওষুধ ও মলিকিউল বানানো হচ্ছে
জানা গিয়েছে, বেশ কিছু ওষুধ ইতিমধ্যেই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। দ্বিতীয়ত, গবেষণাগারে বেশ কিছু নতুন ওষুধ ও মলিকিউল বানানোর কাজও চলছে। তৃতীয়ত, বেশ কিছু গাছের নির্যাস থেকেও ভাইরাসের মোকাবিলা পথ খুঁজছেন টাস্ক ফোর্সের সদস্যরা।

করোনা ভ্যাকসিন তৈরির দাবি ইতালির
এদিকে মঙ্গলবার সায়েন্স টাইমস ম্যাগাজিনে ইতালীয় গবেষকদের একটি বিবৃতি প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, রোমের স্পালানজানি হাসপাতালে সংক্রমণ বিশেষজ্ঞরা এ ভ্যাকসিন পরীক্ষা করেছেন। ইতালীয় গবেষকরা বলছেন, ইঁদুরের দেহে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি করার পর তা মানবকোষেও কাজ করেছে। ইঁদুরের শরীরে তৈরি ওই অ্যান্টিবডি মানবকোষে করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।












Click it and Unblock the Notifications