মহারাষ্ট্রে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই মোদীর সঙ্গে বৈঠক শরদ পাওয়ারের
শিবসেনার সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গঠনের প্রস্তুতি প্রায় শুরু করে দিয়েছে এনসিপি।
শিবসেনার সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গঠনের প্রস্তুতি প্রায় শুরু করে দিয়েছে এনসিপি। বিজেপির সঙ্গে শিবসেনার তিক্ততা, আর শিবসেনার এনসিপির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে মহারাষ্ট্র। এই পরিস্থিতির মধ্যেই আজ মহারাষ্ট্রের কৃষকদের জন্য দরবার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।

মোদীর-পাওয়ার বৈঠক
মহারাষ্ট্রে বদলে যাওয়ার রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটেই আজ মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। দুপুর সাড়ে ১২টা নাগাদ বৈঠক হওয়ার কথা। বৈঠকের মূল ইস্যু মহারাষ্ট্রের ক্ষতিগ্রস্ত কৃষকদের অবস্থা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা। সূত্রের খবর এই বৈঠকে যোগ দেবেন শিবসেনা সাংসদরাও।

শিবসেনার সঙ্গে জোটের অন্যতম ইস্যু ছিল কৃষকরা
শিবসেনার সঙ্গে এনসিপির জোটে একাধিক ইস্যুতে সমস্যা তৈরি হয়েছিল। তারমধ্যে অন্যতম ছিল মহারাষ্ট্রের কৃষকদের দুরবস্থা। বৃষ্টিতে এবার প্রবল ক্ষতির মুখে পড়েছে মহারাষ্ট্রের কৃষকরা। তাঁদের আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিেয়ছিল এনসিপি। সেই নিয়ে দুই দলের মধ্যে বিস্তর আলোচনার পরেই দুই দল একমত হয়। তারপরেই শিবসেনাকে সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল এনসিপি।

কংগ্রেসের সঙ্গে আলোচনা এনসিপির
মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে দফায় দফায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনায় বসেছেন শরদ পাওয়ার। যদিও সোমবার ১০ জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে শরদ পাওয়ারের বৈঠকের নির্যাস এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে শিবসেনাকে সমর্থনে কংগ্রেসের ভাবমূর্তিতে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে কর্নাটকে জেডিএস নেতা কুমারস্বামী মহারাষ্ট্রে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।












Click it and Unblock the Notifications