কৃষি, তথ্য প্রযুক্তি, ই-কমার্সে ছাড় দ্বিতীয় দফার লকডাউনে, নয়া গাইডলাইন প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক
করোনা মোকাবিলায় দ্বিতীয় দফার গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই তৈরি করা হয়েছে এই গাইড লাইন।
করোনা মোকাবিলায় দ্বিতীয় দফার গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই তৈরি করা হয়েছে এই গাইড লাইন। ২০ এপ্রিলের পর কৃষি, তথ্য প্রযুক্তি এবং ই-কমার্সে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে গাইডলাইনে। এছাড়া গোটা দেশেই বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

কৃষি, তথ্য প্রযুক্তিতে ছাড়
গোটা দেশে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতি যতটা সম্ভব কম করার চেষ্টা করছে সরকার। সেকারণেই কৃষিকাজ, তথ্য প্রযুক্তি এবং ই কমার্সে ২০ এপ্রিলের পর আংশিক ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে গাইডলাইনে। অন্তঃরাজ্য পরিবহণও ২০ এপ্রিলের পর ধাপে ধাপে শুরু করা হবে। এছাড়া দুধ, দুগ্ধজাত দ্রব্য, পল্ট্রি, চা, কফির উৎপাদনে ছাড় দেওয়া হবে।

গ্রামীণ এলাকায় বেশ কিছু ক্ষেত্রে ছাড়
দেশের যেসব গ্রামীণ এলাকায় করোনা সংক্রমণের প্রভাব নেই সেই সব এলাকায় কৃষি, উদ্যান, সহ একাধিক অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড় দেওয়া হবে। সেখানকার অর্থনীতি যাতে ভেঙে না পড়ে সেকারণে গ্রামীণ এলাকাগুলিকে ধীরে ধীরে স্বাভাবিক করা হবে বলে গাইডলাইনে লেখা হয়েছে।

মাস্ক পরা বাধ্যতামূলক
গোটা দেশে করোনা সংক্রমণ রুখতে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করল সরকার। কর্মক্ষেত্রেও মাস্ক পরা বাধ্যতামূলক বলে গাইডলাইন দেওয়া হয়েছে। একই সঙ্গে বাইরে থুতু ফেললে তা শাস্তি যোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications