গভীর রাতে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রাণে বাঁচলেন ১৫৭ জন, মৃত্যু ১
গভীর রাতে অন্ধ্রপ্রদেশে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসের দু'টি কামরায় হঠাৎ করে আগুন ধরে যায়। জানা গিয়েছে যে, এই ঘটনায় এক যাত্রীর মৃত্যুও হয়েছে। তবে বাকি যাত্রীরা এরকম বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। আগুন লাগা সেই ট্রেনের কামরা থেকে নিরাপদ ভাবে ১৫৭ জন যাত্রীকে বের করে আনা হয়েছে।

গতকাল রাত প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৬ কিমি দূরে আনাকাপল্লির এলামানচিলি এলাকায় চলন্ত অবস্থাতেই যাত্রীরা ট্রেনটিতে আগুন দেখতে পান। তারপরই মুহূর্তের মধ্যেই ট্রেনের ভেতরে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
রেল সূত্রে জানা গিয়েছে যে, ট্রেনের চালক আগুন দেখতে পেয়েই দ্রুত ট্রেন থামিয়ে দেন। তারপর রেলকর্মী এবং যাত্রীদের সাহায্যে জ্বলন্ত কামরাগুলি থেকে একে একে সকল যাত্রীকে বের করে আনা হয়। সৌভাগ্যবশত, দু'টি কামরার থেকে আর বেশি কামরায় আগুন ছড়াতে পারেনি। রেল আধিকারিকরা মনে করছেন যে, তাড়াতাড়ি যথাযথ ব্যবস্থা নেওয়ার কারণেই বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
রেলের এক আধিকারিক জানিয়েছেন যে, যে দু'টি কামরায় আগুন লেগেছিল, তার প্রথমটিতে ছিলেন ৮২ জন যাত্রী এবং দ্বিতীয়টিতে ছিলেন ৭৬ জন যাত্রী। বি১ কামরা থেকে একজন যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম চন্দ্রশেখরম সুন্দরম। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তার সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে।
আগুন লাগা ওই দু'টি কামরাকে নিরাপত্তার কারণে মূল ট্রেন থেকে তাড়াতাড়ি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপর বাকি কামরাগুলি নিয়ে ট্রেনটি এর্নাকুলমের উদ্দেশ্যে রওনা দেয়। তবে যে সমস্ত যাত্রীদের ক্ষতিগ্রস্ত কামরাগুলি থেকে বের করা হয়েছিল, সেই যাত্রীদের আর সেই ট্রেনে তোলা হয়নি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁদের প্রত্যেককে যে যার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হবে।
তবে, কী কারণে চলন্ত ট্রেনে হঠাৎ আগুন লাগল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করার জন্য ইতিমধ্যেই দু'টি ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। পুড়ে যাওয়া কামরাগুলি থেকে সমস্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। সেই সঙ্গে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ এবং দমকল বাহিনী।
রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত যতক্ষন না পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।












Click it and Unblock the Notifications