Makar Sanktanti Weather: হতে পারে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি! একনজরে গঙ্গাসাগর মেলার আবহাওয়া
Makar Sanktanti Weather: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু'দিনের সফরে গঙ্গাসাগরে গিয়েছেন। তিনি এদিন গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেন। সব থেকে বড় বিষয় হল আবহাওয়া। এদিন আবহাওয়া দফতরের তরফে মেলা চলাকালীন এক সপ্তাহ আবহাওয়া কেমন থাকবে, তার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আট থেকে সতেরোই জানুয়ারি বঙ্গোপসাগরের ওপরে বড় কোনও ওয়েদার সিস্টেম নেই। মূলত উত্তর ও উত্তর-পশ্চিমের হাওয়া গঙ্গাসাগরে থাকবে আট থেকে সতেরোই জানুয়ারির মধ্যে। পাশাপাশি এই কয়দিন গঙ্গাসাগরের আবহাওয়া শুকনো থাকবে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া দফতর এই অঞ্চলে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে গভীর রাত কিংবা ভোরের দিকে। যেখানে দৃশ্যমানতা ৫০০ মিটারের কম থাকবে। তবে দিনের আলো বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে এবং দৃশ্যমানতা হাজার থেকে দু'হাজার মিটারের মধ্যে থাকবে।
দেশের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তির নানা উৎসব হয়। সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আবহাওয়া রয়েছে মকর সংক্রান্তির আগে। আট থেকে দশ জানুয়ারির মধ্যে তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কেরল ও রায়ালসীমাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ৯ জানুয়ারি নাগাদ হাল্কা বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। নয় জানুয়ারি নাগাদ উত্তর-পশ্চিম ভারত ও মধ্য ভারতের কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।
আট থেকে দশ জানুয়ারির মধ্যে মহারাষ্ট্রে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গুজরাতে যা হতে পারে আট ও নয় জানুয়ারি নাগাদ। পূর্ব রাজস্থানে আট ও নয় জানুয়ারি এবং পশ্চিম মধ্যপ্রদেশে ৯ জানুয়ারি নাগাদ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, আগামী দিন চারেক গভীর রাতে এবং ভোরের দিকে পঞ্জাবের কিছু অংশে এবং হরিয়ানা ও চণ্ডীগড়ের কিছু অংশে ঘন থেকে অতিঘন কুয়াশা থাকতে পারে। নয় ও দশ জানুয়ারি উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও বিহারের কোনও কোনও জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে।
আবহাওয়া দফতরের তরফে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তর মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরায়।
আবহাওয়া দফতরের তরপে সতর্ক করে বলা হয়েছে, শীতলতম দিন থেকে অতি শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে। শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে রাজস্থানের কিছু অংশ এবং পশ্চিম উত্তর প্রদেশে। উত্তর রাজস্থানে ১২ ও ১৩ জানুয়ারি উত্তর রাজস্থানের কিছু জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications