ট্রেন যাত্রায় অনিশ্চয়তা কমাতে বড় সিদ্ধান্ত রেলের, ১০ ঘণ্টা আগেই জানা যাবে টিকিটের স্ট্যাটাস
রেলযাত্রীদের ভোগান্তি কমাতে ও যাত্রা পরিকল্পনাকে আরও সহজ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে ট্রেন ছাড়ার অনেক আগেই জানা যাবে টিকিট কনফার্ম, আরএসি বা ওয়েটিং লিস্টের অবস্থান। রেলের নতুন নিয়ম অনুযায়ী, প্রথম রিজার্ভেশন চার্ট প্রস্তুত হবে ট্রেন ছাড়ার সর্বোচ্চ ১০ ঘণ্টা আগেই।
এতদিন ট্রেন ছাড়ার মাত্র চার ঘণ্টা আগে তৈরি হতো রিজার্ভেশন চার্ট। ফলে বিশেষ করে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা শেষ মুহূর্ত পর্যন্ত চরম অনিশ্চয়তায় ভুগতেন। সেই সমস্যা দূর করতেই প্রথমবার চার্ট প্রস্তুতির সময়সূচিতে পরিবর্তন আনল রেল বোর্ড।

নতুন নিয়মে ট্রেন ছাড়ার সময় অনুযায়ী চার্ট তৈরির সময়ও নির্ধারিত করা হয়েছে। সকাল ৫টা থেকে দুপুর ২টার মধ্যে যেসব ট্রেন ছাড়বে, সেগুলির প্রথম রিজার্ভেশন চার্ট আগের দিন রাত ৮টার মধ্যেই প্রস্তুত হয়ে যাবে। অন্যদিকে, দুপুর ২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ও মধ্যরাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যেসব ট্রেন ছাড়বে, সেগুলির চার্ট ট্রেন ছাড়ার ১০ ঘণ্টা আগে তৈরি হবে।
রেল কর্তৃপক্ষের মতে, এই সিদ্ধান্তে যাত্রীরা অনেক আগে থেকেই নিজের টিকিটের অবস্থা জানতে পারবেন। ফলে দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের জন্য যাত্রার প্রস্তুতি নেওয়া, থাকার ব্যবস্থা করা কিংবা প্রয়োজনে বিকল্প পরিকল্পনা নেওয়া অনেক সহজ হবে।
রেল মন্ত্রকের এক কর্তা জানান, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই চার্ট আগেভাগে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শেষ মুহূর্তের দুশ্চিন্তা কমে এবং যাত্রা হয় আরও স্বচ্ছ ও নির্বিঘ্ন। ইতিমধ্যেই দেশের সব জোনাল ডিভিশনকে এই নতুন নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দিয়েছে রেল বোর্ড।
রেলের এই পদক্ষেপে দেশের লক্ষ লক্ষ যাত্রীর জন্য ট্রেন যাত্রা হবে আরও পরিকল্পিত, স্বস্তিদায়ক ও চাপমুক্ত এমনটাই আশা রেল কর্তৃপক্ষের।












Click it and Unblock the Notifications