মহারাষ্ট্রে মধ্যরাতে রুদ্ধদ্বার বৈঠকে সপুত্র উদ্ধবের সঙ্গে শরদ! কোন ঘোষণার ইঙ্গিত উঠে আসছে
বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে গত অক্টোবর মাসের ২৪ তারিখ। তারপর থেকে এখনও বিশ বাঁও জলে মহারাষ্ট্রের সরকার গঠন। জোট রাজনীতির জটিলতায় মারাঠাভূমে রীতিমত কঠিন হচ্ছে রাজনৈতিক অঙ্ক। সরকার গঠনের উদ্দেশে বিজেপির হাত ছেড়ে শিবসেনা যোগ দিয়েছে এনসিপি-র 'পাওয়ার শিবির' এ। কট্টর গেরুয়া শিবির সেনা ঝুঁকেছে কংগ্রেসের দিকেও। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মধ্যরাতে শিবসেনার উদ্ধব ঠাকরে ও তাঁর পুত্র আদিত্যর সঙ্গে বৈঠকে বসেন এনসিপির শরদ পাওয়ার।

'পাওয়ার' গেম!
দক্ষিণ মুম্বইয়ে তাঁর বিলাসবহুল 'সিলভার ওক' বাসভবনে শরদ পাওয়ার আমন্ত্রণ জানান শিবসেনার উদ্ধব ও আদিত্য ঠাকরেকে। সেখানেই মধ্যরাতে চলে দুই তাবড় মারাঠা নেতার বৈঠক। মারাঠা 'স্ট্রং ম্যান' শরদ পাওয়ার কথা বলেন উদ্ধব পুত্র আদিত্যর সঙ্গেও। বৈঠকে হাজির ছিলেন শিবসেনার সঞ্জয় রাউত ও শরদ পাওয়ারের ভাই এনসিপি নেতা অজিত পাওয়ার।

সরকার গঠনের আলোচনা!
বৃহস্পতিবার সকালেই মহারাষ্ট্রের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চভন জানান, তাঁর পার্টি ও এনসিপির সম্পূর্ণ ঐক্য রয়েছে শিবসেনার সঙ্গে সরকার গড়ার বিষয়ে। এবিষয়ে তাঁরা কথা বলতে চান 'সেনা' পক্ষের সঙ্গে। এরপরই মধ্যরাতের এই রুদ্ধদ্বার বৈঠক আয়োজিত হয় শরদ পাওয়ারের বাড়িতে।

শুক্রবার হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা
মনে করা হচ্ছে, শুক্রবারই শিবসেনা ,কংগ্রেস, এনসিপি জোট নিজেদের সরকার গড়ার ঘোষণা করে দিতে পারে। আর সেই বিষয়ে আলোচনা করতেই মধ্যরাতে শরদ পাওয়ারের বাড়িতে আলোচনায় বসেন উদ্ধবরা।

মুখ্যমন্ত্রী কে?
সূত্রের দাবি, আদিত্য নয়, কংগ্রেস ও শিবসেনা চাইছে উদ্ধব ঠাকরেই হোক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সম্ভবত সেই বিষয়ে আলোচনা করতেই দুইপক্ষ রুদ্ধদ্বার বৈঠকে বসে , বলে ধারণা শিবসেনার একাংশের। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পদে আদিত্যকে বসাতে চেয়েই বিজেপির সঙ্গ ত্যাগ করেছিল শিবসেনা। এবার নতুন জোটের পর মুখ্যমন্ত্রী হিসাবে কে উঠে উঠে আসেন, সেদিকে চোখ রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications