বাংলাদেশকে ভালোবাসি, তবে পশ্চিমবঙ্গ সবার আগে, তিস্তা প্রসঙ্গে ফের অবস্থান স্পষ্ট করলেন মমতা
তিস্তার জল যে তিনি কিছুতেই ছাড়বেন না তা ফের একবার স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফের একবার জানিয়ে দিয়েছেন, রাজ্যের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেবেন তিনি।
কলকাতা, ২৫ এপ্রিল : তিস্তার জল যে তিনি কিছুতেই ছাড়বেন না তা ফের একবার স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফের একবার জানিয়ে দিয়েছেন, রাজ্যের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেবেন তিনি।
এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে এসে তিস্তা চুক্তি নিয়ে বিষণ্ণ হয়ে ফিরেছেন। বাংলার মুখ্যমন্ত্রী বেঁকে বসায় তিস্তা জলবণ্টন চুক্তি করা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিলেও তাতে যে চিড়ে ভিজবে না সেটা মমতার কথায় ফের একবার স্পষ্ট হয়ে গেল।

মুখ্যমন্ত্রী বলেছেন, আমি ইতিমধ্যে জল ভাগাভাগি করার প্রস্তাব দিয়েছি। তিস্তার বদলে তোর্সা ও মনসাইয়ের জল নিতে বলেছি। এই নিয়ে আলোচনা হতে পারে। কোচবিহারে প্রশাসনিক সভা করার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সকলকে ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসি। এর আগেও ফারাক্কার জল নিয়ে বাংলাদেশকে আমরা সাহায্য করেছি।
মমতার কথায়, যদি তিস্তার জল থাকে, বাংলার মানুষের চাহিদা পূরণের পর তা বাংলাদেশকে দেওয়া যেতে পারে। তাতে কোনও আপত্তি নেই। তবে এই মুহূর্তে রাজ্যের মানুষই যদি জল না পায় তাহলে সেক্ষেত্রে কীভাবে জল দেওয়া যেতে পারে?
এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করে বাংলাদেশকে বিদ্যুৎ যোগান দিয়ে সাহায্যের আশ্বাস দেন। তবে তিস্তা নিয়ে মমতা অনড়ই থেকেছেন। যা দেখে হাসিনা বক্তৃতায় বলেই ফেলেন, "পানি মাঙ্গা, বিজলি দিয়া।" ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তার জল নিয়ে শেখ হাসিনাকে যতই প্রতিশ্রুতি দিন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনড়ই থাকবেন বলে ধরে নেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications