নোটায় বেশি ভোট পড়লে নির্বাচনই বাতিল হোক, আবেদন পেয়েই কমিশনের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট
Lok Sabha Election 2024: কোনও আসনে একজনের বেশি প্রার্থী না থাকলে তাঁকে আগেই বিজয়ী ঘোষণা না করে ভোট হোক। কেন না, ইলেকট্রনিক ভোটিং মেশিনে থাকে নোটা (NOTA) অপশন।
কোনও প্রার্থীই পছন্দ নয়, এটা বোঝাতে নোটা ইভিএমে রয়েছে ২০১৩ সাল থেকে। ফলে নোটাতেও যাতে মানুষ ভোট দেওয়ার বিকল্প পান, তা সুনিশ্চিত করতে এবার আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে।

সুরতে এবারের লোকসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। কংগ্রেসের মনোনয়ন বাতিল হয়েছিল। বাকিরাও মনোনয়ন প্রত্যাহার করেন। এই ঘটনার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দাখিল করে আবেদনকারী আর্জি জানালেন, ভবিষ্যতে যেন এমনটা যাতে না হয়, সে ব্যাপারে নির্দেশ দিক আদালত।
যে আবেদনগুলি করা হয়েছে তার মধ্যে রয়েছে, যদি নোটায় বেশি ভোট পড়ে তাহলে ওই আসনে নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হোক। যদি কোনও প্রার্থী নোটার চেয়ে কম ভোট পান তাহলে যে উপনির্বাচন হবে তাতে সংশ্লিষ্ট প্রার্থী কোনও আসনে যেন পাঁচ বছর ভোটে না দাঁড়াতে পারেন।
একইসঙ্গে নোটাকে কাল্পনিক প্রার্থী হিসেবে তার যথোপযুক্ত প্রচারের বন্দোবস্ত হোক। এইসব বিষয়ে নির্বাচন কমিশনের যথোপযুক্ত নিয়ম লাগু করার আর্জিও জানানো হয়েছে শীর্ষ আদালতে। শিব খেরার এই আবেদন গৃহীত হয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চে।
এই আবেদনের প্রসঙ্গে নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়ে শীর্ষ আদালত নোটিশ পাঠিয়েছে। উল্লেখ্য, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজের জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ২০১৩ সাল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ইভিএমে নোটা অপশন যুক্ত হয়েছে।
বর্তমান আইনে নোটা বেশি ভোট পেলেও কোনও প্রার্থীকে পরাজিত ঘোষণা করা হয় না। যিনি বাকি প্রার্থীদের চেয়ে বেশি ভোট পান তাঁকেই বিজয়ী ঘোষণা করার নিয়ম রয়েছে। এই নিয়মেই সংশোধন চাইছেন আবেদনকারী। তাঁর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন এবার সুরতের ঘটনার উল্লেখ করে আর্জি জানান, এমন ঘটনা কাম্য নয়। যদি একজনও প্রার্থী থাকেন সেক্ষেত্রে নোটায় ভোটদানের বিকল্প যেন ভোটারদের থেকে কাড়া না হয়।












Click it and Unblock the Notifications