আইএনএস বিক্রমাদিত্যে সফলভাবে অবতরণ এলসিএ তেজসের
লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাসের নাভাল ভার্সন শনিবার ল্যান্ড করে এবং ছাড়ে দেশের এয়ারক্রাফট কেরিয়ার আইএনএস বিক্রমাদিত্য থেকে। এ প্রসঙ্গে দু’জন শীর্ষ নৌসেনা আধিকারিক বলেন, 'এর ফলে ভারতের নিজের ডেক বেসড ফাইটারের আরও উন্নতি হল। এই কেরিয়ার বহাল রয়েছে আরব সাগরে। ৩০টি এয়ারক্রাফট নেওয়ার ক্ষমতা রয়েছে এই কেরিয়ারে।’

গত সেপ্টেম্বরে গোয়ার টেস্ট ফেসিলিটি সেন্টারে সফল অ্যারেস্টেড ল্যান্ডিং করে ভারতীয় নৌবাহিনীর লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস। দেশে এটাই কোনও যুদ্ধবিমানের প্রথম সফল অ্যারেস্টেড ল্যান্ডিং ছিল। বিশেষজ্ঞদের মতে, সফল অ্যারেস্টেড ল্যান্ডিং ভারতীয় নৌবাহিনীর শক্তি নিশ্চিতভাবে বৃদ্ধি করবে। নৌবাহিনীর এক অফিসার জানিয়েছেন ভারতে এই প্রথমবারের জন্য কোনও ফাইটার বিমান অ্যারেস্টেড ল্যান্ডিং করল। এটা গোল্ডেন লেটার ডে। কারণ জাহাজের ডেকে এয়ারক্রাফ্ট ল্যান্ডিংয়ের যোগ্যতা অর্জন করে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিল ভারত।
এই অ্যারেস্টেড ল্যান্ডিং ছিল পরীক্ষামূলক। তখনই বলা হয়েছিল এর পরবর্তী পদক্ষেপ হিসাবে লাইট কমব্যাট এয়ারক্রাফ্টকে আইএনএস বিক্রমাদিত্যের ডেকে ল্যান্ড করানো হবে। আর তা সফল হলে ভারতীয় নৌবাহিনীর শক্তি যে বেশ কয়েকগুণ বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। সেইমতো এদিন লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট বিক্রমাদিত্যে ল্যান্ড করানো হল। এই সফল ল্যান্ডিংয়ের জন্য ডিআরডিওকে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে এই সফল টেস্টের জন্য ভারতীয় নৌসেনা বাহিনীকেও কুর্নিশ করেন তিনি।












Click it and Unblock the Notifications