বিপ্লবকে সুদীপ-জুজ দেখালেন কুণাল! মুকুল-ঘনিষ্ঠ নেতাদের ‘ব্যবহার’ শুরু ত্রিপুরায়
বিপ্লবকে সুদীপ-জুজ দেখালেন কুণাল! মুকুল-ঘনিষ্ঠ নেতাদের ‘ব্যবহার’ শুরু ত্রিপুরায়
তৃণমূল ত্রিপুরায় পা রাখার পরই বিজেপি নড়চড়ে বসেছে। ২০২৩-এ ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল। সেই কারণেই এখন থেকে সাংগঠনিক বিস্তার লাভের চেষ্টা করছে তারা। বিজেপিকে ধাক্কা দিয়ে তৃণমূলের তরফে এবার মোক্ষম বাণ ছাড়া হল। আর সেই বাণ হল ত্রিপুরার মুকুল-ঘনিষ্ঠ নেতারা। বিপ্লব দেবকে সুদীপ রায় বর্মন জুজু দেখালেন কুণাল ঘোষ।

বিপ্লব দেবকে দিল্লি-তলবে কুণালের টুইট নিশানা
তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘাত তৈরির পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তলব করেছে দিল্লি। বিজেপির এই অবস্থানকে ব্যবহার করতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইট নিশানা করলেন। সেই টুইট নিশানাতেই বিপ্লব দেবকে সুদীপ-জুজু দেখিয়ে ছাড়লেন তিনি। তিনি একইসঙ্গে বিজেপি ও বিপ্লব দেবের উপর চাপ রাখার কৌশল নিলেন।

সুদীপ-জুজু দেখিয়ে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রিত্বের খোঁচা
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ টুইটে উল্লেখ করেন, বিজেপি আগে ঘর সামলাক। তাদের ঘরেই তো দ্বন্দ্ব। একদিকে তৃণমূলের ধাক্কা, অন্যদিকে সুদীপ-জুজু দেখিয়ে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রিত্বের খোঁচা দিলেন কুণাল। সুদীপ রায় বর্মন গোষ্ঠীর একটা বক্তব্য তুলে ধরে কুণাল বলেন, বিপ্লব দেবকে বিজেপির একাংশই চায় না মুখ্যমন্ত্রী পদে।

বেসামাল বিজেপি, বিপ্লব দেবকে দিল্লিতে তলব
কুণাল ঘোষ টুইটে বলেন, বিজেপিতে লড়াই চলছে। আগে ঠিক করুক, সেই লড়াইয়ে জিতবেন কে? তিনি টুইটে লেখেন- তৃণমূলের ধাক্কায় বেসামাল বিজেপি। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে দিল্লিতে তলব করা হয়েছে। আর এদিকে সুদীপ রায় বর্মন গোষ্ঠী বলছে তিনি নাকি বড় ক্ষমতায় আসছেন। তাহলে জিতবেন কে? সেটাই আগে ঠিক হোক।

আগে ঘর সামলাক বিজেপি, পরে তৃণমূল
কুণাল ঘোষের স্পষ্ট বার্তা, তাসের ঘরের মতো ভাঙবে বিজেপি, হামলা আর মামলা দিয়ে এবার তৃণমূলকে ঠেকানো যাবে না। তাই আগে ঘর সামলাক বিজেপি। তারপর তৃণমূলের মোকাবিলা করতে আসবে। কুণাল ঘোষের কথায়, ত্রিপুরায় তৃণমূল বাড়ছে। এবার জিতেবে ত্রিপুরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরা জিতবে।

বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল সুদীপের
তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এদিন সুকৌশলে ত্রিপুরা বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রসঙ্গে টেনে আনেন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে চাপে রাখতেই কুণাল ঘোষ সুদীপপ রায় বর্মনকে শিখণ্ডী দাঁড় করান। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিলেন তিনি। তারপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল সুদীপের।

সুদীপের মুকুল-যোগ নিয়ে জল্পনা রয়েই গিয়েছে
তৃণমূল কংগ্রেসের বঙ্গ জয়ের পর যখন ত্রিপুরাকে পাখির চোখ করতে শুরু করেছে। আবার মুকুল রায়ের মতো নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছে, তখনই সুদীপের সঙ্গে কেন্দ্রীয় বিজেপিও যোগাযোগ শুরু করে। বিক্ষুব্ধ সুদীপকে বাগে আনতে আলোচনার টেবিলে বসে বিজেপি। কিন্তু সুদীপকে বাগে আনা গিয়েছে, নাকি মুকুল-যোগ রয়ে গিয়েছে তাঁর। সেই জল্পনা রয়েই গিয়েছে।

সুদীপকে নিয়ে যখন জোর জল্পনা দলবদলের
প্রাক্তন কংগ্রেসি সুদীপ রায় বর্মন মুকুল-ঘনিষ্ঠ নেতা। তাঁর নেতৃত্বেই তৃণমূল এখানে সংগঠন বিস্তারে নেমেছিল ২০১৬-তে। তারপর মুকুল রায়ের দলবদলের পর সুদীপও সদলবলে নাম লেখান বিজেপিতে। এবার তৃণমূল ত্রিপুরায় পা দেওয়ার পর এবং তার আগে মুকুল রায় তৃণমূলে ফিরে আসার পর সুদীপকে নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে দলবদলের।

বিজেপির অন্তর্কলহের জিগির টেনে রাখতে কৌশল
সুদীপের সেই মুকুল-যোগ ও পুরনো তৃণমূল কংগ্রেস-যোগের পরিপ্রেক্ষিতে বিপ্লব দেবের দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। ত্রিপুরায় সাংবাদিক বৈঠকেও তিনি একইভাবে সুদীপ রায় বর্মন প্রসঙ্গ তুলে ধরেছিলেন। সুদীপ-জুজু দেখিয়ে বিপ্লব দেবকে চাপে রাখার কৌশল নিয়েছেন তিনি। বারেবারে বিপ্লবকে সুদীপ-জুজু দেখিয়ে তিনি বিজেপির অন্তর্কলহের জিগির টেনে রাখতে চাইছেন।

বিপ্লবের দিল্লি যাত্রাকেই ইস্যু করে বিজেপিকে চাপে রাখার খেলা
তৃণমূল ত্রিপুরায় পা রাখার পর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে বিপ্লবকে দিল্লিতে তলব করা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা ঘটে ত্রিপুরায়। তার আগে প্রশান্ত কিশোরের টিম আই প্যাকের ২৩ সদস্যকে আটকে রাখা হয়। আর সবশেষে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও যুবনেত্রী জয়া দত্তের উপর হামলার ঘটনা ঘটে। তারপর তাঁদের গ্রেফতারও হতে হয়। তা নিয়েই আইনি লড়াই হয়ে গেল একপ্রস্থ। আর তারপরেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দিল্লি সফরে যান। কুণাল ঘোষ বিপ্লবের এই দিল্লি যাত্রাকেই ইস্যু করে বিজেপিকে চাপে রাখার খেলা খেলছেন।












Click it and Unblock the Notifications