নিট পরীক্ষায় ৭২০/৭২০ পেয়েও প্রথম হওয়া হল না দিল্লির আকাঙ্ক্ষার, জেনে নিন কারণ
করোনা আবহে অনুষ্ঠিত হয় চলতি বছরের নিট পরীক্ষা। পরীক্ষার ফলাফল গতকালই ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এতেই জানা যায় যে সর্বকালীন রেকর্ড ভেঙে ৭২০ নাম্বারের পরীক্ষায় ৭২০ পেয়ে নজির গড়েন ওড়িশার শোয়েব আফতাব। এরপরই জানা যায়, শুধু শোয়েন নয়, দিল্লির বাসিন্দা আকাঙ্ক্ষা সিংও ফুল মার্কস পান এই পরীক্ষায়। তবে প্রথম স্থান অধিকার করতে পারেননি আকাঙ্ক্ষা।

শোয়েবের থেকে কোথায় পিছিয়ে আকাঙ্ক্ষা
আকাঙ্ক্ষার বয়স শোয়েবের থেকে কম। এবং এই কারণেই শোয়েবের মতোই ৭২০ তে ৭২০ পেয়েও প্রথম স্থান অধিকার করতে পারল না আকাঙ্ক্ষা। উল্লেখ্য যদি নিট পরীক্ষায় দুই পরীক্ষার্থীর প্রাপ্ত নাম্বার সমান হয় সেক্ষেত্রে কে কতগুলি সঠিক উত্তর দিয়েছে তার ভিত্তিতে র্যাঙ্ক নির্বাচন করা হয়।

শোয়েব এবং আকাঙ্ক্ষার ক্ষেত্রে দুই জনেই পূর্ণ নম্বর পেয়েছে
কিন্তু শোয়েব এবং আকাঙ্ক্ষার ক্ষেত্রে দুই জনেই পূর্ণ নম্বর পেয়েছে, অর্থাৎ, কোনও ভুল জবাব না থাকায় দুই জনেরই সমান সংখ্যক সঠিক জবাব। সেক্ষেত্রে কে বয়সে বড় তার উপর ভিত্তি করেই ক্রমতালিকায় স্থান দেওয়া হয়। আর বয়সে ছোট হওয়ার জন্যই শোয়েবের থেকে পিছিয়ে পড়ে আকাঙ্ক্ষা।

মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে ইতিহাস
এদিকে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে ইতিহাস গড়ে প্রথম স্থান অধিকার করে শোয়েব। জানা গিয়েছে, চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই কোটা ইনস্টিটিউট থেকে কোচিং নেওয়া শোয়েব জানতেন, ফার্স্ট র্যাঙ্কে থাকছেন তিনিই। ফলাফল ঘোষণার দুই দিন আগে প্রকাশিত নিট ২০২০-র উত্তরপত্র মিলিয়ে দেখেই শোয়েব দাবি করেছিলেন, তিনিই মেডিক্যাল প্রবেশিকায় পূর্ণ নম্বর পেয়েছেন। জানিয়েছেন, দিল্লির এইমস-এ ভর্তি হওয়ার ইচ্ছে আছে তাঁর।

করোনা পরিস্থিতিতে নিট পরীক্ষা
করোনা পরিস্থিতিতে এবছর ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় নিট, ২০২০-র পরীক্ষা। করোনা পরিস্থিতিতে এবছর প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন। স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে ১৩ সেপ্টেম্বর হয় এই পরীক্ষা। করোনার জন্য যাঁরা ১৩ সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারেননি, ১৪ অক্টোবর তাঁদের জন্য বিশেষ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications