কতটা নিরাপদ টিকটকের বিকল্প অ্যাপ ‘মিত্রোঁ’ ? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা
কতটা নিরাপদ টিকটকের বিকল্প অ্যাপ ‘মিত্রোঁ’ ? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা
বিনোদনের মাধ্যম হিসাবে চিনা অ্যাপ্লিকেশন টিকটকের জনপ্রিয়তা আর বলার অপেক্ষা রাখেনা। সম্প্রতি টিকটক ভার্সেস ইউটিউব বিতর্কে সামিল হয়েছেন নেটিজেন মহলের বিরাট একটা অংশ। টিকটক বিরোধী পোস্টে ছেয়ে গেছিল সোশ্যাল মিডিয়ার দেওয়াল, পাশাপাশি একদল এই অ্যাপকে সমর্থন ও করেছে। কিন্তু চিন-ভারত প্রতিদ্বন্দ্বিতা আজকের নয়। এরপরেই সমস্ত চিনা অ্যাপ বয়কট করার ডাক দেয় নেটিজেনরা। টিকটকের বিকল্প হিসেবে গুগল প্লে স্টোরে জায়গা করে নেয় ভারতীয় অ্যাপ 'মিত্রোঁ'। কিন্তু কতটা নিরাপদ এই অ্যাপ ব্যবহার? চলুন জেনে নিই।

মিত্রোঁ অ্যাপ ব্যবহার সম্পূর্ণ নিরাপদ নয়
মিত্রোঁ বাজারে আসতেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে এই অ্যাপ। কিন্তু এই অ্যাপ ব্যবহার সম্পূর্ণ নিরাপদ নয় বলেই জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। এই অ্যাপ ভারতীয় বলে দাবী করা হলেও তা সম্পূর্ণ সত্যি নয় বলেই জানা যাচ্ছে। টিকটকের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার দৌড়ে পাকিস্তানি সফটওয়্যার কোম্পানি কিউবক্সাস থেকে সোর্স কোড কিনে তৈরী হয় মিত্রোঁ অ্যাপ, ফলত অ্যাপ ব্যবহারে ঝুঁকি থেকেই যায়।

এক মাসের মধ্যেই ৫০ লক্ষ ব্যবহারকারী মিত্রোঁ অ্যাপের
লকডাউন দফায় সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের হারই উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে৷ টিকটক অ্যাপের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। কিন্তু বিতর্কের পরেই টিকটক রেটিং কমতে শুরু করে। এবং এক মাসের মধ্যেই প্রায় ৫০ লক্ষ নেটিজেন ডাউনলোড করেন মিত্রোঁ অ্যাপ। প্লে স্টোরে এই অ্যাপের রেটিং ও প্রায় ৪.৭। কিন্তু, কাউন্টারপয়েন্টের সাইবারসিকিউরিটির গবেষক সত্যজিৎ সিনহা এই প্রসঙ্গে বলেন, সোর্স কোডের উপরে কোনোও অতিরিক্ত সুরক্ষা না থাকায় এই অ্যাপের গোপনীয়তার নীতিটি দুর্বল, যা ব্যবহারকারীদের সমস্যায় ফেলতে পারে।

কিউবক্সাসের থেকে মাত্র ২,৫০০ টাকায় কেনা হয়েছে মিত্রোঁর সোর্স কোড
জানা যাচ্ছে কিউবক্সাসের থেকে মাত্র ২,৫০০ টাকায় কেনা হয়েছে মিত্রোঁ অ্যাপের সোর্স কোড। এই জটিলতা তৈরী হতেই কিউবক্সাসের তরফে ইরফান শেখ জানান, "কিউবক্সাস কেবলমাত্র জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলির সোর্স কোডটি বিক্রি করে। কেনার পরে সেই ক্রেতা অ্যাপ্লিকেশনটি নিজের মত করে তৈরী করেন। এরপর সেই অ্যাপ্লিকেশনের সাথে কিউবক্সাসের কোনও সম্পর্ক থাকেনা।"

টিকটক বিতর্ক নিয়ে নেটিজেন মহলে শোরগোল
মিত্রোঁ আসার আগেই টিকটক অ্যাপ নেটিজেন মহলে বিপুল ভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই মজেছিলেন এই অ্যাপে। কিন্তু কয়েকদিন আগেই টিকটকের বিষয়বস্তু নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে, অ্যাসিড অ্যাটাক, নারী নির্যাতনের মত ঘটনাকেও প্রাধান্য দেওয়া হয় টিকটকে। #ব্যান_টিকটকের ডাক ও দেয় নেটিজেনরা। রাতারাতি টিকটকের রেটিং ৫ থেকে নেমে দাঁরায় ২.৫ স্টারে।আর এই সুযোগেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি টিকটকের বিকল্প এই মিত্রোঁ অ্যাপ।












Click it and Unblock the Notifications