হিমাচল প্রদেশের কিন্নরে ভূমিধসে মৃত বেড়ে ১০, আহতের সংখ্যা ১৩ জন
হিমাচল প্রদেশের কিন্নৌরে ভূমিধসে মৃত বেড়ে ১০, আহতের সংখ্যা ১৩ জন
হিমাচল প্রদেশের কিন্নোরে এদিন ভূমিধসে মৃতের সংখ্যা ১০ জন হয়েছে বেড়ে। ইতিমধ্যেই ঘটনার জেরে ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছেন। গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণ শুরু হয়। সেই বর্ষণের জেরে বিভিন্ন জায়গায় হিমাচলে মাটি নরম হতে শুরু করে দিয়েছে। আর পাহাড়ি মাটি নরম হতেই রীতিমতো এদিন ভূমিধসের খবর উঠে আসে।

এদিকে মনে করা হচ্ছে যে ৪০ জনের দেহ ভূমি ধসের মধ্যে আটকে পড়েছে। এদিকে, হিমাচল প্রদেশের কিন্নৌরের ডেপুটি পুলিশ কমিশনার আবিদ হুসেন সাদিক জানিয়েছেন, একটি বাস রেকংপিওং থেকে কিন্নৌরের দিকে যেতে গিয়ে এই ভূমি ধসের শিকার হয়। ফলে বাসের যাত্রীরা এই ঘটনায় আহত হয়েছেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছেন। মনে করা হচ্ছে , ওই বাসের ২৫ জন যাত্রী এই ভূমিধসের মধ্যে চাপা পড়ে গিয়েছেন। আপাতত মেশিনের মাধ্যমে কিন্নৌরের বুকে ভূমি ধসের বিভিন্ন ধ্বংসাবশেষ মেশিন দিয়ে তুলে আনার চেষ্টা করা হচ্ছে।এদিকে , জানা গিয়েছে, ভূমিধসে ভেঙে পড়া বাসটির একটি অংশ উদ্ধার করা গিয়েছে। পাহাড়ের উচ্চ এলাকায় আপাতত আর্থ মুভার এনে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমে গিয়েছে আইটিবিপি। আইটিবিপির জওয়ানরা আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে সামিল হয়েছেন। ঘটনাস্থলে রয়েছে স্থানীয় পুলিশ।
ঘটনা নিয়ে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে ফোনে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন ফোন করেন জয়রাম ঠাকুরকে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, যেকোনও রকমের সাহায্য যাতে কেন্দ্রের তরফে করা যায়, তার বন্দোবস্ত করা হবে। এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে মন্তব্য করেছেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি মৃতদের পরিবারের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়েছেন। এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। জানা গিয়েছে প্রবল ভূমিধসে রাস্তার একাংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। মুহূর্তে ধসের খবর পেতেই সেখানে পৌঁছন স্থানীয়রা। পৌঁছয় পুলিশ ও আইটিবিপির জওয়ানরা। চলে উদ্ধার কাজ। শুধু যে উদ্ধার কাজই আপাতত লক্ষ্য তা নয়, সামনেই ওই রাস্তার মেরামতিও একটি বড় চ্যালেঞ্জ উদ্ধারকারী দলের জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ছবিতে দেখা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি প্রায় গুঁড়িয়ে যাওয়ার অবস্থা হয়েছে । বিশাল বিশাল পাথরের ধাক্কায় একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে বাস।












Click it and Unblock the Notifications