একদিনে আক্রান্ত ৩০ হাজার, ১ লক্ষের বেশি সক্রিয় করোনা কেস এই রাজ্যে, আতঙ্ক বাড়াচ্ছে কেরল
১ লক্ষের বেশি সক্রিয় করোনা কেস কেরলে
টানা দ্বিতীয় দিনেও কেরলে ৩০ হাজারের বেশি নতুন কোভিড কেস রিপোর্ট হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩০,০০৭ টি নতুন করোনা কেস সনাক্ত হয়েছে। শুধু তাই নয়, দেশের মধ্যে কেরলই একমাত্র রাজ্য যেখানে ১ লক্ষের ওপর কোভিড কেস ধরা পড়েছে। এই মুহূর্তে কেরলে সক্রিয় কেসের সংখ্যা ১,৮১,২০৯টি। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১৮,৯৯৭ জন সুস্থ হয়ে উঠেছে এবং ১৬২ জনের মৃত্যু হয়েছে। টেস্ট পজিটিভিটি রেট বা টিআরপি দাঁড়িয়ে রয়েছে ১৮.০৩ শতাংশে।

কেরলে বাড়ছে করোনা কেস
প্রসঙ্গত, বুধবারও কেরলে নতুন করোনা কেসের আচমকা বৃদ্ধি দেখা দেয়, ৩১,৪৪৫ জনের রিপোর্ট পজিটিভ আসে এবং ২১৫ জনের মৃত্যু হয়। মঙ্গলবার ১৮.০৪ শতাংশ থেকে একলাফে বেড়ে টিআরপি দাঁড়ায় ১৯.০৩ শতাংশে। এখানে উল্লেখ্য, গত ২০ মে শেষবারের মতো কেরলে করোনা কেস ৩০ হাজার অতিক্রম করেছিল, সেই সময় ৩০,৪৯১টি কেস রিপোর্ট হয়েছিল।

কেরলের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা কেরলের পরিস্থিতি ও রাজ্যের ঊর্ধ্বমুখী কোভিড কেস নিয়ে পর্যালোচনা করেন। তিনি জানিয়েছেন যে বুধবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন যে ৪৬,১৬৪ জন, তার মধ্যে ৩১,৪৪৫ জনই কেরলের। কনটেইনমেন্ট কৌশল ও মেডিক্যাল পরিকাঠামো নিয়েও ভাল্লা আলোচনা করেন এদিন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের একাধিক শীর্ষ কর্মকর্তরা এই আলোচনায় যোগ দিয়েছিলেন। সম্প্রতি কেরল পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় দল, তারাও রাজ্য কর্তৃক গৃহীত নিয়ন্ত্রন কৌশল সম্পর্কিত বিষয়গুলিও চিহ্নিত করেছে।

বাকি রাজ্যে করোনা কেস হ্রাস পাচ্ছে
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন যে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মোট ৪৬ হাজার কোভিড কেস ধরা পড়েছে, যার মধ্যে ৫৮ শতাংশ কেরলের। তিনি আরও জানিয়েছেন যে দক্ষিণের এই রাজ্য থেকে গত সপ্তাহে মোট ৫৮.৪ শতাংশ নতুন করোনা কেস সনাক্ত হয়েছে। ভূষণ এও জানান যে কেরল বাদে বাকি রাজ্যগুলিতে করোনা কেস হ্রাসের প্রবণতা দেখা যাচ্ছে। স্বাস্থ্য সচিব বলেন, 'কেরলে ১ লক্ষের ওপর সক্রিয় করোনা কেস রয়েছে। মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে দশ হাজার থেকে ১ লক্ষের মধ্যে সক্রিয় করোনা কেস রয়েছে।'

সেপ্টেম্বর–অক্টোবর উৎসবের মাস
ভূষণ জানিয়েছেন যে মহামারি পরিচালনার ক্ষেত্রে জটিল হয়ে দাঁড়াবে সেপ্টেম্বর ও অক্টোবর। কারণ এই দু'টি মাস দেশে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠিত হয়। তবে সতর্ক করা হয়েছে যে কোভিড-উপযুক্ত আচরণ অনুসারে উৎসবগুলি উদযাপন করা উচিত। ভূষণ বলেন, 'আমরা এখনও দ্বিতীয় কোভিড-১৯ ওয়েভের মাঝখানে দেশে রয়েছি। দ্বিতীয় ওয়েভ এখনও শেষ হয়নি। তাই আমাদের সমস্ত জরুরি আগাম সতর্কতা অবলম্বন করে চলতে হবে, বিশেষ করে উৎসবের পরই করোনা কেস বৃদ্ধির পূর্ব অভিজ্ঞতা যখন আমাদের রয়েছে।' এখানে উল্লেখ্য গত ২৩ অগাস্ট কেরলে ওনাম উৎসব পালন করা হয়। যার জেরে রাজ্যের বিভিন্ন অংশের বাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এর দু'দিন পরই কেরলে করোনা কেস বৃদ্ধি দেখতে পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications