জম্মুতে ফারুক আবদুল্লার উপর প্রাণঘাতী হামলা, অল্পের জন্য বাঁচলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী
জম্মুতে এক বিয়ের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীর উপস্থিতিতে গুলিবর্ষণ হয়েছে। পুলিশ জানিয়েছে, ফারুক আবদুল্লা অক্ষত থাকলেও উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী সামান্য স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। হামলাকারীকে জনতা প্রতিহত করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
পুলিশ অভিযুক্ত কমল সিং জামওয়ালকে জিজ্ঞাসাবাদ করছে। সে খনিজ শিল্পের সঙ্গে যুক্ত এবং জম্মুর বাসিন্দা। প্রাথমিকভাবে গুলির উদ্দেশ্য স্পষ্ট না হলেও, জামওয়াল পুলিশকে জানিয়েছে, গত ২০ বছর ধরে সে ফারুক আবদুল্লাকে হত্যার চেষ্টা করছে। সে এটিকে তার "ব্যক্তিগত অ্যাজেন্ডা" হিসেবে বর্ণনা করেছে।

জামওয়াল আরও দাবি করেছে, হত্যাচেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি তার ব্যক্তিগত ও তার নামেই ইস্যু করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, খুব কাছ থেকে ফারুক আবদুল্লাহ দিকে বন্দুক তাক করা হয়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ফারুক আবদুল্লার পুত্র ওমর আবদুল্লা এক্স-এ পোস্ট করেন। তিনি জানান, বাবার উপর হামলার প্রচেষ্টা কেবল তাঁর 'জেড প্লাস' নিরাপত্তা ব্যবস্থার ব্যক্তিগত সুরক্ষা দলই প্রতিহত করতে পেরেছে। ওমর লেখেন, "আল্লাহ দয়ালু। আমার বাবা খুব অল্পের জন্য রক্ষা পেয়েছেন।"
ওমর আবদুল্লা আরও উল্লেখ করেন, "এই মুহূর্তে বিস্তারিত তথ্য অস্পষ্ট, তবে জানা গিয়েছে একজন লোডেড পিস্তলধারী ব্যক্তি এতটাই কাছে আসতে ও গুলি চালাতে সক্ষম হয়েছে। ব্যক্তিগত সুরক্ষা দলই গুলি প্রতিহত করেছে এবং হত্যাচেষ্টা ব্যর্থ করেছে। উত্তরের চেয়ে প্রশ্নই বেশি, বিশেষত কীভাবে একজন 'জেড প্লাস' এনএসজি সুরক্ষিত প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছে পৌঁছতে পারলেন।"












Click it and Unblock the Notifications