শিশুদের জঙ্গি দলে নিয়োগ করে পাকিস্তান, কড়া ভাষায় তোপ দেগে তিরস্কার ভারতের
ভারতকে কোণঠাসা করতে গিয়ে কাশ্মীরের শিশুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিল পাকিস্তান। তারই পাল্টা জবাব দিল ভারত
ভারতকে কোণঠাসা করার পরিকল্পনা নিয়ে কাশ্মীরের শিশুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিল পাকিস্তান। তারই পাল্টা জবাব দিল ভারত। ভারতের তরফে বলা হয়েছে, পাকিস্তানই শিশুদের নিয়ে গিয়ে জঙ্গি শিবিরে হাত পাকানোর কাজ করে। তারাই শিশুদের সন্ত্রাসের দিকে ঠেলে দেয়। এবং তাদের জঙ্গি তৈরি করে। এই ব্যাপারে পাকিস্তান সিদ্ধহস্ত বলেও ভারত তোপ দেগেছে।

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা মালহা লোধি ৩৭০ ধারা কাশ্মীর থেকে উঠে যাওয়ার পর সেখান শিশুদের জীবন বিপর্যস্ত হয়েছে বলে মন্তব্য করেছিলেন। তার পাল্টা হিসেবে ভারত পাকিস্তানকে আক্রমণ চালিয়েছে।
ভারত পাল্টা জানিয়েছে, পাকিস্তান শুধু নিজের দেশের শিশুদেরই ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে তা নয়, সীমান্তের এপারে শিশুদের জীবন বিপন্ন করে তুলছে। এক্ষেত্রে ২০১৮ সালে পাকিস্তানকে নিয়ে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টকে হাতিয়ার করেছে ভারত। যেখানে স্পষ্ট বলা হয়েছে পাকিস্তানে শিশুদের কোনও স্বাধীনতা নেই।












Click it and Unblock the Notifications