জ্বালানির দামে আগুন! আজ থেকেই ইন্ডিগোর বিমানের ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত কত টাকা দিতে হবে? জানুন বিস্তারিত
জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশের অন্যতম বিমান সংস্থা ইন্ডিগোতে ভাড়া বাড়াল। আজ থেকেই নতুন এই ভাড়া কার্যকর হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক দুই ধরনের রুটেই এই নতুন ভাড়া প্রযোজ্য হবে।

সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ার সংঘর্ষের কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর জেরেই ক্রুড অয়েলের দামও ক্রমশ বেড়ে চলেছে। বর্তমানে অপরিশোধিত ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০২ ডলার এবং ব্রেন্ট ক্রুড প্রায় ১০৫ ডলারের কাছাকাছি আছে। আর তার প্রভাব পড়েছে বিমান জ্বালানি এবং এটিএফ-এর ওপরও। সংস্থার দাবি যে, জেট ফুয়েলের দাম প্রায় ১৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার কারণে খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।
দেশের ভিতরে ভ্রমণ করার ক্ষেত্রে দূরত্ব অনুসারে অতিরিক্ত ফুয়েল চার্জ ধার্য করা হয়েছে।
- ০ থেকে ৫০০ কিমি: ২৭৫ টাকা
- ৫০১ থেকে ১০০০ কিমি: ৪০০ টাকা
- ১০০১ থেকে ১৫০০ কিমি: ৬০০ টাকা
- ১৫০১ থেকে ২০০০ কিমি: ৮০০ টাকা
- ২০০০ কিমির বেশি হলে: ৯৫০ টাকা
টিকিটের মূল দামের সাথে এই অতিরিক্ত অর্থ যোগ হবে।
আন্তর্জাতিক রুটে আরও বেশি চাপ। বিদেশে ভ্রমণ করার ক্ষেত্রেও খরচ যথেষ্ট বেড়ে গিয়েছে। বিভিন্ন রুটে নতুন ফুয়েল সারচার্জ ধার্য করা হয়েছে।
- ইউরোপ এবং যুক্তরাজ্য: প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
- মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চল: ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
- দক্ষিণ-পূর্ব এশিয়া ও চিন: ৩,৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
- আফ্রিকা: প্রায় ৫,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
এর আগেও একবার চার্জ বাড়ানো হয়েছিল। চলতি বছরের মার্চ মাসে নতুন বুকিংয়ের ক্ষেত্রে সংস্থাটি অতিরিক্ত ফুয়েল চার্জ চালু করেছিল। তবে সাম্প্রতিক মূল্যবৃদ্ধি হওয়ার পর আবারও ভাড়া বাড়াতে হল।
ইন্ডিগো জানিয়েছে যে, তাদের মোট খরচের প্রায় ৪০ শতাংশই জ্বালানির পিছনে চলে যায়। বর্তমানে সেই খরচ এতটা পরিমানে বেড়ে গিয়েছে যে ভাড়া না বাড়িয়ে কোনও উপায় ছিল না। সেইসঙ্গে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকারি হস্তক্ষেপকেও স্বাগত জানিয়েছে সংস্থা।
সমস্তটা মিলিয়ে, জ্বালানির দামের প্রভাব এবার বিমান যাত্রীদের পকেটেও সরাসরি পড়ল।












Click it and Unblock the Notifications