লাদাখে চিনা আগ্রাসনের মাঝেই বেজিংকে কড়া হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের! কী বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী?
লাদাখে চিনা আগ্রাসনের মাঝেই বেজিংকে কড়া হুঁশিয়ারি রাজনাথের! কী বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী?
বিগত একমাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হয় দুই দেশের আলোচনা। আলোচনা যখন দ্বিতীয় দফায় ঠিক তখনই ফের এলএসি বরাবর সেনা তৎপরতা শুরু করেছে চিন। প্রায় ৪ হাজার কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন করেছে বেজিং।

'জম্মু-কাশ্মীর জন সংবাদ র্যালি'-তে ভাষণ দিলেন রাজনাথ সিং
একদিকে লাদাখে চিনা আগ্রাসন, অন্যদিকে কাশ্মীর সীমান্তে পরপর পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন। এরই মাঝে আজ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'জম্মু-কাশ্মীর জন সংবাদ র্যালি'-তে ভাষণ দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সকাল ১১টায় শুরু হয় এই সভা।

ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিন ধরেই চলছে
এদিনের সভায় লাদাখে সীমান্ত সমস্যা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিন ধরেই চলছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান করতে চাই। দুই দেশের মধ্যে ৬ জুনের আলোচনা যথেষ্ট ইতিবাচক ছিল এবং সমস্যা সমাধানের জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হয় উভয় পক্ষই।'

ভারত এখন আর দুর্বল রাষ্ট্র নয়
এরপর চিনকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে এদিন রাজনাথ বলেন, 'আমি সবাইকে আস্বস্ত করতে চাই যে ভারতীয় জাতীয়তাবাদকে খর্ব করে এমন কোনও কাজ এই সরকার করবে না। ভারতের গৌরব সবার উপরে। ভারত এখন আর দুর্বল রাষ্ট্র নয়। আমাদের শক্তি অনেকগুণ বেড়েছে। আমি এসব বলে কাউকে ভয় দেখাতে চাই না। তবে আমাদের সুরক্ষার দায়িত্ব আমরা ভালো ভাবে সামলাতে পারি।'

সীমান্ত সমস্যা সমাধানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ
এর আগে মহারাষ্ট্র জন সংবাদ র্যালির ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, 'জনগণকে আশ্বস্ত করতে চাই, সীমান্ত সমস্যা সমাধানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং দেশের আত্মমর্যাদায় কোনও আপস করব না।'












Click it and Unblock the Notifications