নীতীশ কুমারকে প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব ইন্ডিয়া ব্লকের, দাবি JDU-এর! উত্তরে যা বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী
রবিবার সন্ধেয় দিল্লিতে শপথ নিতে চলেছে তৃতীয় এনডিএ মন্ত্রিসভা। পরপর তিনবার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। যা দেশের ইতিহাসে একটা রেকর্ড। বিজেপি তথা এনডিএ-র এই পদক্ষেপে শিলমোহনর দিয়েছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউও।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জেডিইউ মুখপাত্র কেসি ত্যাগী বড় দাবি করেছেন। তিনি বলেছেন, ইন্ডিয়া ব্লকের তরফে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু নীতীশ কুমার জানিয়েছেন, তিনি বিজেপি তথা এনডিএ-র সঙ্গে থাকবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বিজেপিকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। সেই কথা উল্লেখ করে কেসি ত্যাগী বলেছেন, জেডিইউ এবং টিডিপি এনডিএ-র নেতৃত্বে নির্বাচনে লড়াই করেছে। তাঁরা পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন।
তবে বলে রাখা ভাল নীতীশ কুমার বারে বারে শিবির বদল করেছেন। ইন্ডিয়া ব্লকের প্রথম বৈঠক তাঁর নেতৃত্বে পটনাতেই হয়। য়কিন্তু তারপরেই তিনি শিবির বদল করে বিজেপি তথা এনডিএ-র দিকে চলে যান লোকসভা নির্বাচনের বেশ কিছু দিন আগেই। এবং বিহারের বিজেপির কর্তৃত্ব মেনে নির্বাচনে লড়াই করেন।
প্রসঙ্গত বলে রাখা ভাল, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে শিরোনামে এসেছেন বিহার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁকে নিয়ে নানা জল্পনা শুরু হয়। এনডিএ-তে থাকলেও ইন্ডিয়া ব্লকের নেতানেত্রীরা তাঁকে বাজিয়ে দেখতে শুরু করেন। তবে নীতীশ কুমার নিজের অবস্থান জানিয়ে দেন। বিহারের মুখ্যমন্ত্রী জানান, তিনি এনডিকে সমর্থন করেছেন এবং মোদী সরকার গঠনে সমর্থনের চিঠিও দিয়েছেন।












Click it and Unblock the Notifications