INDIA Bloc Meeting: মমতার প্রস্তাবে অখুশি লালু-নীতীশ অনুপস্থিত সাংবাদিক সম্মেলনে! ফের ইন্ডিয়া ব্লকে 'বিরোধ'
INDIA Bloc Meeting: ইন্ডিয়া ব্লকের চতুর্থ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত বেরিয়ে আসেনি। তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় আসন সমঝোতার জন্য ৩১ জানুয়ারি সময়সীমা নির্ধারণ করেছেন। এদিন দিল্লির অশোকা হোটেলে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে হাজির না থেকেই বেরিয়ে যান মমতা-অভিষেক এবং লালু-নীতীশ। তাঁরা কি কোনও কারণে ক্ষুব্ধ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এখনও পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে কোনও সমাধান সূত্র না বেরনোয় তৃণমূল কিছুটা ক্ষুব্ধ। কারণ কংগ্রেস বাংলায় আসন ভাগাভাগি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সামনে প্রস্তাব রাখেন কংগ্রেস লড়াই করুক ৩০০ টি আসনে, বাকি ২৪৫ টি আসন ছেড়ে দিক শরিকদের জন্য।

এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ করার প্রস্তাব করেন। তাঁকে সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খাড়গেকে প্রধানমন্ত্রীর মুখ করার পিছনে বিজেপির দলিত প্রচারের পাল্টা দলিত মুখ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম নেওয়ায় ক্ষুব্ধ হন লালুপ্রসাদ যাদব এবং নীতীশ কুমার। ক্ষুব্ধ এই দুই নেতা তাড়াতাড়ি বৈঠক ছেড়ে বেরিয়ে যান। তাঁরা সাংবাদিক সম্মেলনেও যোগ দেননি। প্রসঙ্গত উল্লেখ্য যে লালু কিছুদিন আগেও নীতীশ কুমারের সমর্থনে বিবৃতি দিয়ে বলেছিলেন, তাঁর সামনে কোনও চ্যালেঞ্জ নেই।
জেডিইউ সূত্রে খবর, এদিন ইন্ডিয়া ব্লকের বৈঠকে নীতীশ কুমার বলেছেন, জানুয়ারির মধ্যে আসন সমঝোতা হওয়ার পরেই পরবর্তী বৈঠক ডাকা উচিত। তিনি আরও বলেছেন, আসন বন্টনে অভিন্ন ন্যূনতম কর্মসূচিও রাখতে হবে। পাশাপাশি রাজ্যগুলিতে প্রচার কৌশল নির্ধারণ করতে হবে।
নীতীশ কুমার আরও বলেছেন, যদি পাঁচ রাজ্যে ইন্ডিয়া জোট লড়াই করত তাহলে বিরোধীদের ফল আরও ভাল হতো। জেডিইউয়ের তরফে বলা হয়েছে, মঙ্গলবারের বৈঠকে খুব বেশি কিছু বলার ছিল না। সেই কারণেই যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না নীতীশ কুমার।
এদিনের বৈঠকে ৩০ জানুয়ারি গান্ধীজির প্রয়াণ দিবসে পটনার গান্ধী ময়দানে বড় সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকে ইভিএম নিয়েও আলোচনা হয়েছে। বলা হয়েছে, প্রতিটি ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট থাকা উচিত। বৈঠকে বলা হয়েছে, রাজ্যে রাজ্যে গিয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি করতে হবে এবং জোটের কথা জানাতে হবে।












Click it and Unblock the Notifications