বিতর্কিত বিজ্ঞাপনকে সর্মথন করায় সোশ্যাল মিডিয়ায় হেনস্থা মহিলাকে, অভিযোগ সাইবার সেলে
হিন্দু–মুসলিম বিয়ে বা লাভ জিহাদের প্রচার করছে, এই অভিযোগে বিতর্কের সৃষ্টি হয়েছিল তানিশকের বিজ্ঞাপনকে ঘিরে। বাধ্য হয়ে বিজ্ঞাপন তুলে নেয় সংস্থা। এবার সে বিজ্ঞাপনকে সমর্থন করে হিন্দু ব্যক্তির সঙ্গে নিজের বিয়ের ছবি দিয়ে বিপদে পড়লেন জারা পরওয়াল। তিনি এই ছবির মাধ্যমে তানিশক বিজ্ঞাপনের পক্ষে নিজের গলার সুর চড়িয়েছেন। কিন্তু এর জন্য মহিলাকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থার মুখে পড়তে হয়। অনলাইনে হেনস্থার অভিযোগ এনে জারা পুনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

জারা জানিয়েছেন, সংশ্লিষ্ট বিজ্ঞাপনটি যে বার্তা দিতে চেয়েছে সেই সংহতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই তিনি তার বিয়ের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। কিন্তু এরপরেই তাঁকে একাধিক ব্যক্তি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন এবং তাঁকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা হয়। এরপরই তিনি সাইবার সেলে গিয়ে অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গত, তানিশক বিজ্ঞাপনে দেখানো হয়েছে যে মুসলিম পরিবার তাঁদের দক্ষিণ ভারতীয় পুত্রবধূর জন্য সাধ ভক্ষনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। যদিও এই সম্প্রিতির বিজ্ঞাপনকে মোটেও ভালো নজরে দেখেননি নেটিজেনদের একাংশ। চাপে পড়ে বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয় সংস্থা। জারা পরওয়ালের মতো আরও অনেক মহিলা, যাঁদের বিয়ে হিন্দু পরিবার বা মুসলিম পরিবারে হয়েছে তাঁরাও সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি দিতে শুরু করেন।
জারা জানিয়েছেন যে তাঁকে হেনস্থা করতে টুইটারে তাঁর বিয়ে নিয়ে ৪০ হাজার মেসেজ করা হয় তাঁকে। জারা বলেন, 'এটা দেখে কার্যত স্পষ্ট যে ভারতে বেকারত্ব একটি বড় সমস্যা।’ শুধু তাই নয় জারার পরিবারকে খুঁজে তাদেরও সামাজিক মাধ্যমে আক্রমণ করার চেষ্টা করেছেন এই নেট নাগরিকদের একাংশ, অভিযোগ এমনটাই।এর থেকে একধাপ এগিয়ে এই মহিলার ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানা ভাইরাল করার চেষ্টা করা হয়। আর যা দেখে কার্যত ভয় পান জারা। তিনি জানান, এর পরেই তিনি সিদ্ধান্ত নেন পুলিশে অভিযোগ জানানোর। প্রসঙ্গত, জারা পুনে কংগ্রেসের সদস্য। ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ শশী থারুর এবং অন্যান্য কংগ্রেস নেতাদের সমর্থন পেয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications