জীবনের অঙ্গ হতে চলেছে মাস্ক! লকডাউন ওঠার পরও ট্রেন-বিমান চলাচলে সংশয়
জীবনের অঙ্গ হতে চলেছে মাস্ক! লকডাউন থেকে বের হওয়ার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনায় মন্ত্রিগোষ্ঠী
আপাতত ৩ মে পর্যন্ত দেশ জোড়া লকডাউন। কিন্তু তারপর কোন পরিস্থিতি। যা নিয়ে মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে মন্ত্রীগোষ্ঠী। ২০ এপ্রিল থেকে বেশ কিছু ক্ষেত্রে লকডাউনে ছাড় দেওয়া হয়েছে। বলা হচ্ছে ৩ মে-র পর থেকে দেশব্যাপী লকডাউন থেকে শর্তাধীন মুক্তি পাওয়া যাবে। করোনায় খুব কম আক্রান্ত এলাকা নিয়েই বা কোন সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে।

রাজনাথ সিং-এর নেতৃত্বে বৈঠক
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠী বৈঠকে বসবে। সেই বৈঠকেই কীভাবে লকডাউন উঠবে, তা নিয়ে আলোচনা হবে। ১৪ এপ্রিল সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছিলেন।

আপাতত লকডাউন বৃদ্ধির খবর নেই
সূত্রের খবর অনুযায়ী আপাতত লকডাউনের সময় বৃদ্ধি করার কোনও পরিকল্পনা নেই সরকারের। তবে সোশ্যাল ডিস্ট্যান্সিং এবং মাস্ক চালু থাকবে। পাশাপাশি ট্রেন, বিমান এবং আন্তঃরাজ্য গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে।
তবে গ্রিন জোনে সুবিধা বাড়ানো হতে পারে। তবে তার সংখ্যা খুবই কম। তবে জেলা কিংবা শহরগুলির মধ্যে যোগাযোগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
যেসব শহরগুলিকে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি, সেই শহরগুলোতে ১৫ মে-র পর পরিস্থিতির পর্যালোচনা করা হতে পারে বলে সূত্রের খবর।

কনটেইনমেন্ট এলাকা নিয়ে বাড়তি চিন্তা
যেসব এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বেশি পাওয়া গিয়েছে অর্থাৎ কনটেইনমেন্ট এলাকাগুলিতে নিষেধাজ্ঞা বলবত থাকবে। তবে সময়ে সময়ে তার পর্যালোচনা করা হবে বলেও জানানো হয়েছে।

জীবনের অঙ্গ হতে চলেছে মাস্ক
সামাজিক দূরত্ব ও মাস্ক পরা জীবনের অঙ্গ হতে চলেছে। অনির্দিষ্ট সময়ের জন্য তা বাধ্যতামূলক করা হবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে সাধারণ মানুষকে বাড়িতে বাইরে বেরনোর অনুমতি দেওয়া হতে পারে।

লকডাউনে মিলতে পারে ছাড়
বেশ কিছু নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে অফিস খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে জমায়েত আপাতত নিষিদ্ধ । বিবাহ অনুষ্ঠান, ধর্মীয় জমায়েত কিংবা বড় কোনও সভার অনুমতি দেওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications