সারা ভারতে স্বাধীনতাকে দমন করা হয়েছে, একটি রাজ্যে সব থেকে বেশি: চিদাম্বরম
সারা ভারতে স্বাধীনতাকে দমন করা হয়েছে। একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে কঠোরভাবে তা দমন করা হয়েছে। জম্মু ও কাশ্মীর থেরে ৩৭০ ধারা বাতিলের চার বছর পূর্তিতে রবিবার এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তিনি বিষয়টি নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণও করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য ৩৭০ ধারা বাতিলের চার বছর পূর্তিতে শনিবার মোদী সরকারের তরফে বলা হয়েছে ঐতিহাসিক সিদ্ধান্তে জম্মু ও কাশ্মীরের শান্তি ও উন্নয়নের সূচনা হয়েছে। উপরাজ্যপাল মনোজ সিনহা শ্রীনগরে বলেছেন, সংবিধানের অনুচ্ছেদটি বাতিলের পরে সব থেকে বড় পরিবর্তন হল জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ তাঁদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছেন।

টুইট করে চিদাম্বরম বলেছেন, সরকার ও জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল ৩৭০ ধারা বাতিলের পরে রাজ্যে যে শান্তি নেমে এসেছে তা উদযাপন করছে। তিনি এব্যাপারে কটাক্ষ করতে গিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন কেনেডির কথা উল্লেখ করেছেন। প্রসঙ্গত কেনেডি বলেছিলেন কবরের শান্তি আর ক্রীতদাসের নীরবতা।
প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেছেন, জম্মু ও কাশ্মীরে যদি এতটাই শান্তি থাকে, তাহলে সরকার কেন মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে রেখেছে। কেন পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের অফিস সিল করা হয়েছে, সেই প্রশ্নই তুলেছেন তিনি। চিদাম্বরম বলেছেন, সারা ভারতে যদি স্বাধীনতাকে দমন করা হয়, জম্মু ও কাশ্মীরে তা কঠোরভাবে দমন করা হয়েছে।
শনিবার বিজেপির তরফে শ্রীনগরে এক জনসভায় আয়োজন করা হয়েছিল। সেখানে গেরুয়া শিবিরের নেতারা বলেন, ২০১৯-এর সিদ্ধান্তের পরে কাশ্মীর উপত্যকা বন্ধ হয়ে যায়নি। এছাড়াও পরিস্থিতি ভাল হওয়ার সঙ্গে কেন্দ্রীয় সরকার সেখানে আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। পর্যটকদের সংখ্যার রেকর্ড হয়েছে বলেও উল্লেখ করা হয়েছিল গেরুয়া শিবিরের তরফে।
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি একাই প্রথমবারের জন্য আসন সংখ্যায় তিনশো পার করে যায়। তারপরে ৫ অগাস্ট ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়। পাশাপাশি রাজ্যকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করা হয়। সংবিধানের ৩৭০ ধারা মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications